গ্রেপ্তার ব্যক্তির মানবাধিকার রক্ষা রাষ্ট্রের দায়িত্ব: মিজানুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান খান বলেছেন, সাম্প্রতিককালে বাংলাদেশে মানুষ নিখোঁজ হওয়ার ঘটনা বেড়েছে। রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করা। না হলে এ ব্যর্থতার দায় রাষ্ট্রের ওপরই বর্তাবে। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি হলরুমে মানবাধিকার রক্ষায় ক্রাইম রিপোর্টারদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মিজানুর রহমান বলেন, অনেক সময় গ্রেপ্তারের পর অপরাধীকে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ড বৈধ করার জন্য তার বিরুদ্ধে বিভিন্ন মামলা দেখানোর প্রবণতা আমাদের দেশে রয়েছে। এটি জাতির জন্য ক্ষতিকর। যে অপরাধের জন্য ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তা প্রমাণিত না হওয়া পর্যন্ত তার মানবাধিকার রক্ষা করা রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, সাংবাদিকেরা বিশেষ করে ক্রাইম রিপোর্টাররা মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করে থাকেন। এসবের ভিত্তিতে সরকার, রাষ্ট্র, আইনশৃঙ্খলা বাহিনী ও মানবাধিকার কর্মীরা এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। ক্রাইম রিপোর্টাররা জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন ধরনের প্রতিবেদন তৈরি করেন। এসব প্রতিবেদন তাঁরা জনগণের সামনে প্রকাশ করে। তাঁরা এমনিতেই নিরাপত্তাহীনতায় থাকেন। তাই কোনো রিপোর্টের কারণে ক্রাইম রিপোর্টারদের বিরুদ্ধে মামলা না করে প্রেস কাউন্সিলের শরণাপন্ন হওয়া উচিত। অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মুজিবুর রহমান, মানবাধিকার কর্মী এলিনা খান প্রমুখ বক্তব্য দেন।