গ্রেপ্তার ব্রিটিশ নাগরিক জোড়া খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় গ্রেপ্তার হওয়া পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মোহাম্মদ আইয়ুব খান (২৭) যুক্তরাজ্যে জোড়া খুনের মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া ফেরারি আসামি। ২০০৮ সালে লন্ডনের একটি আদালত তাঁর বিরুদ্ধে এ রায় দেন। ইন্টারপোলের পরোয়ানার ভিত্তিতে ৫ আগস্ট গভীর রাতে রাজধানীর র‌্যাডিসন হোটেলের সামনে থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) তাঁকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক আছেন।পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের ঢাকা শাখা কার্যালয় সূত্র এসব তথ্য জানায়। সূত্র জানায়, ইন্টারপোলের লন্ডন শাখার পাঠানো তথ্যে দেখা গেছে, যুক্তরাজ্যের লন্ডনের ফরেস্ট গেটের বাসিন্দা আইয়ুব খানের বাবার নাম ইউসুফ খান, মায়ের নাম সরদার বেগম। তিনি ২০০৩ সালের ২৯ আগস্ট লন্ডনের আথারটন মিউসে দুই ভারতীয় অমরজিৎ সিং ও রাজিন্দর সিংকে গুলি করে হত্যা করেন। সেখানকার ফরেস্টভিউ হোটেলের পেছনে গাড়ি রাখা নিয়ে আইয়ুবের সঙ্গে ওই দুজনের বাগিবতণ্ডা হয়। এর পর তিনি সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর তিনি একটি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে সেখানে যান এবং ওই দুজনকে গুলি করে হত্যা করেন। একজন প্রত্যক্ষদর্শীকেও তিনি গুলি করেন। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ওই ব্যক্তি প্রাণে বেঁচে যান। এ ঘটনায় করা মামলায় ওয়েস্ট মিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক নিকোলাস ইভান ২০০৮ সালের ২ ডিসেম্বর পলাতক আইয়ুব খানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ের পর আইয়ুব পালিয়ে পাকিস্তানে চলে যান। পাকিস্তানের পুলিশ তাঁর ব্যাপারে খোঁজখবর শুরু করলে তিনি ঢাকায় পালিয়ে আসেন। তাঁর পাকিস্তান ও যুক্তরাজ্যের পাসপোর্ট রয়েছে।আইয়ুব খানকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের উপপরিদর্শক (এসআই) শাহীন রেজা ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। ওই মামলায় উল্লেখ করা হয়, আইয়ুব র‌্যাবের জিজ্ঞাসাবাদে একেক সময় একেক কথা বলেছেন। আটকের পর প্রথমে তাঁকে র‌্যাব-১-এর কার্যালয়ে নেওয়া হয়। পরে ক্যান্টনমেন্ট থানায় নিয়ে তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি পাকিস্তানি ও একটি যুক্তরাজ্যের পাসপোর্ট, কয়েকটি দেশের মুদ্রা, দামি হাতঘড়ি, ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদ, বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড ও মোবাইল ফোনসেট পাওয়া যায়।ক্যান্টনমেন্ট থানার পুলিশ জানায়, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আইয়ুবকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁকে আদালতে পাঠালে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেপ্তারের পর পুলিশের কাছে তিনি ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।র‌্যাবের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আইয়ুবকে গ্রেপ্তারের বিষয়টি ঢাকায় ব্রিটিশ হাইকমিশনকে জানানো হয়েছে।