গ্রেপ্তার সারদা গোষ্ঠীর কর্ণধার, বিক্ষোভ চলছে
ভারতের পশ্চিমবঙ্গে বেসরকারি বিভিন্ন অর্থলগ্নিকারী সংস্থার প্রতারণার বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষুব্ধ লোকজন সারদাসহ অর্থলগ্নিকারী এ ধরনের কয়েকটি প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছেন। বেসরকারি সংস্থা সারদা গোষ্ঠী তাদের মালিকানাধীন ১০টি সংবাদপত্র ও টিভি চ্যানেল হঠাৎ করে বন্ধ করার ঘোষণা দিলে গোষ্ঠীটির বিভিন্ন অপকর্মের কথা সাধারণ লোকজন জানতে শুরু করে। এর পরই সারদার আমানতকারীরা অর্থ ফেরত পাওয়ার আন্দোলন শুরু করেন। তাঁরা রাজ্যের বিভিন্ন জেলাসহ কলকাতায় সারদা গোষ্ঠীর অফিসে হামলা চালান।আন্দোলনের মুখে ১০ এপ্রিল এই গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন কলকাতা থেকে পালিয়ে যান। পরে গতকাল মঙ্গলবার সুদীপ্ত সেন ও তাঁর তিন সঙ্গীকে কাশ্মীরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে সারদা গোষ্ঠীর প্রতারণার খবর ফাঁস হওয়ার পর রাজ্যের অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানে অর্থলগ্নিকারী লোকজন তাঁদের অর্থ ফিরিয়ে দেওয়ার দাবিতে শুরু করেন আন্দোলন।সারদার বিরুদ্ধে এই আন্দোলনের কারণে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলসহ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সারদার সঙ্গে তৃণমূলের সাংসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের যোগসাজশের খবর ফাঁস হয়ে যাওয়ার পর এ আতঙ্ক ছড়ায়। অভিযোগ রয়েছে, সারদা গোষ্ঠী বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়মিত অর্থের জোগান দিয়ে আসছিল। তাই নেতাদের আশঙ্কা, গ্রেপ্তারের পর সুদীপ্ত সেন তাঁদের নাম ফাঁস করে দিতে পারেন। এদিকে ইতিমধ্যে তৃণমূল সাংসদ কুনাল ঘোষের পদত্যাগের দাবি উঠেছে। কুনাল ছিলেন সারদা গোষ্ঠীর মিডিয়া প্রধান। তিনি মাসে ১৬ লাখ টাকা করে বেতন নিতেন বলেও অভিযোগ রয়েছে। অর্থলগ্নিকারী এসব প্রতিষ্ঠানকে পশ্চিমবঙ্গে বলা হয় ‘চিটফান্ড’ কোম্পানি। ইতিমধ্যে এ ধরনের কয়েকটি সংস্থা লোকজনের সঙ্গে প্রতারণা করে গা ঢাকা দিয়েছে। এর মধ্যে অন্যতম বড় চিটফান্ড কোম্পানি সারদা গোষ্ঠী। এর আগে পুলিশ সারদার অন্যতম পরিচালক মনোজ কুমার নাগেলকে গ্রেপ্তার করে। অপরদিকে সারদার কয়েক হাজার এজেন্ট আমানতকারীদের ভয়ে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।