ছাত্রলীগের ঢাকা মেডিকেল কলেজ শাখার সভাপতি মিজানুর রহমানকে আজ শনিবার বিকেলে গ্রেপ্তার করেছিল শাহবাগ থানা পুলিশ। কিন্তু পরে তাঁকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যায় কলেজ কর্তৃপক্ষ। এর আগে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র রাশেদুল আনোয়ারকে পিটিয়ে জখম করার ঘটনায় মিজানুরকে আসামি করে শাহবাগ থানায় মামলা হয়েছিল। শাহবাগ থানার উপপরিদর্শক আজমল হোসেন বলেন, বিকেল সাড়ে চারটার দিকে কলেজ ক্যাম্পাস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। থানার অপারেশন কর্মকর্তা নাসিমউদ্দিন প্রথম আলোকে জানান, মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হলেও কলেজ কর্তৃপক্ষ মুচলেকা দিয়ে তাঁকে ছাড়িয়ে নিয়ে যায়। এ ক্ষেত্রে পুলিশের কিছুই করার ছিল না। গত ১৩ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজের ছাত্র রাশেদুল আনোয়ারকে কলেজ ক্যাম্পাসে মারধর করা হয়। ওই ঘটনায় ছাত্রলীগের নেতা মিজানসহ পাঁচজনকে আসামি করা হয়। পুলিশ ওই মামলায় আজ মিজানুরকে গ্রেপ্তার করেছিল।