গ্রেপ্তার হওয়া শিক্ষকের মুক্তির দাবিতে রাস্তা অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেল ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে র‌্যাবের হাতে আটক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক আ স ম ফিরোজ-উল হাসানের মুক্তির দাবি জানিয়েছেন ওই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। আজ শনিবার তাঁরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচির মাধ্যমে ওই শিক্ষকের মুক্তির দাবি জানান।এদিকে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী ওই শিক্ষককে শিক্ষা ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল লিখিত বিবৃতিতে ওই শিক্ষকের অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে দাবি করে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।জানা যায়, মেডিকেল ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে গত বৃহস্পতিবার রাতে র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করেন। তাঁদের মধ্যে শিক্ষক ফিরোজ-উল হাসানকে শ্যামলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি তাঁর বন্ধু তারিকুল ইসলামের বাসায় ছিলেন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ওই শিক্ষকের মুক্তির দাবিতে ক্যাম্পাসের মূল ফটক-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। প্রায় ২০ মিনিট অবরোধ থাকার পর বিভাগের শিক্ষকেরা ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে আনেন। এরপর আবার বেলা একটার দিকে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কের এক পাশ অবরোধ করে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বিভাগীয় শিক্ষক অধ্যাপক খুরশিদা বেগম, অধ্যাপক এম সলিমউল্লাহ খান, শিক্ষক বশীর আহমেদ উপস্থিত ছিলেন। বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টির সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান। এ দিকে একই দাবিতে আজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা তাঁদের চূড়ান্ত পর্বের ১০২ নম্বর কোর্সের পরীক্ষায় অংশ নেননি।বিভাগের সভাপতি কে এম মহিউদ্দিন বলেন, ‘বিভিন্নভাবে আমরা ঘটনার সঙ্গে ওই শিক্ষক জড়িত নন বলে জেনেছি। আমরা চাচ্ছি, ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। অযথা কোনো নির্দোষ ব্যক্তিকে যেন হয়রানি না করা হয়।’উপাচার্য শরীফ এনামুল কবির বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নন। আমরাও চাই, প্রকৃত অপরাধারীদের শাস্তি হোক। তবে আমরা জেনেছি, ওই শিক্ষক ঘটনার সঙ্গে জড়িত নন। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার লক্ষ্যে এবং কোনো নির্দোষ ব্যক্তি যাতে অযথা হয়রানির শিকার না হন, সে জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।’