গ্রেপ্তার হননি মুক্তির দাবিতে পোস্টারিং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান কোনো মামলায় গ্রেপ্তার না হলেও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে পোস্টার সাঁটা হয়েছে। ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার সৌজন্যে এই পোস্টারিং করা হয়। দ্রুত বিচার আইনের একটি মামলায় গ্রেপ্তার এড়াতে ছাত্রদলের ওই নেতা আত্মগোপনে রয়েছেন।গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা শহরে আদালত চত্বর, কালেক্টরেট ভবন চত্বর, পুরাতন কারাগার, বড় বাজার, নিউমার্কেট, রেলবাজার, স্টেশন রোড, মাস্টারপাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছাত্রদলের নেতা শরিফুজ্জামানের ছবিসংবলিত চার রঙের এই পোস্টার দেখা যায়। তবে কে কখন এই পোস্টার সেঁটেছে তা কেউ জানাতে পারেনি। ‘নিঃশর্তভাবে মুক্তি চাই’ শিরোনামে সাঁটা ওই পোস্টারে বলা হয়, ‘২৭ জুন হরতালে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক ও তারেক জিয়ার একনিষ্ঠ সৈনিক শরিফুজ্জামান ও ভারপ্রাপ্ত সভাপতি রাশিদুল ইসলামসহ ছাত্রদলের সব নেতা ও যুবদলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। প্রচারে—বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চুয়াডাঙ্গা জেলা শাখা।’ দলীয় সূত্রে জানা গেছে, গত ২৭ জুনের হরতাল ও পরদিন কেন্দ্রীয় কমিটি ঘোষিত বিক্ষোভ কর্মসূচি চলাকালে এবং পরে পুলিশ ছাত্রদল ও যুবদলের নয় নেতা-কর্মীকে আটক করে। তাঁদের পরে দ্রুত বিচার আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীরা হলেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশিদুল ইসলাম, পৌর ছাত্রদলের সভাপতি মো. শাহজাহান খান, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান, পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস, পৌর ছাত্রদলের কর্মী আবদুল মোমিন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল আলিম, কলেজ ছাত্রদলের নেতা সাজিদ হাসান ও হুমায়ুন কবির এবং যুবদলের নেতা লালন। তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আবদুল কুদ্দুসকে বাদ দিয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৮ নেতা-কর্মীর বিরুদ্ধে গত ৬ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্র দাখিলের পর পলাতক ১০ আসামিকে আদালতে হাজির হতে গত ১৫ জুলাই স্থানীয় দৈনিক মাথাভাঙ্গায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০ জুলাইয়ের মধ্যে তাঁদের হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে যাঁদের পলাতক দেখানো হয়েছে, তাঁরা হলেন পৌর বিএনপির সভাপতি মজিবুল হক মালিক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদ, যুবদলের খালেদ, লিংকন, আবু বকর সিদ্দিক, ইন্তাজ, মুক্তা, ইছামুল ও আজাদ। জেলা ছাত্রদলের সহসভাপতি এম এ তালহা বলেন, ‘সাধারণ সম্পাদক আলোচিত হওয়ার জন্য কারও সঙ্গে আলাপ না করেই নিজ উদ্যোগে এই পোস্টার সাঁটিয়েছেন। এতে আমরা নিজেরাও বিব্রত। সংগঠনের ফোরামে আলাপ করে পোস্টারিং করলে হয়তো এত বড় ভুল হতো না।’ মুঠোফোনে যোগাযোগ করা হলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘দলের ভেতরের শুভাকাঙ্ক্ষীরা এই পোস্টার সাঁটিয়েছেন। আসলে কারাবন্দী নেতাদের নিঃশর্ত মুক্তি ও মামলাটি প্রত্যাহারের উদ্দেশ্যেই এই পোস্টারিং করা হয়েছে। এ ক্ষেত্রে অনিচ্ছাকৃত ত্রুটি হয়েছে।’ তিনি দাবি করেন, যে মামলায় দলীয় নেতা-কর্মীদের আসামি করা হয়েছে, ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি।