গ্রেপ্তার হলেন জামায়াতের নেতা আজহারুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এবার গ্রেপ্তার হয়েছেন জামায়াতে ইসলামীর আরেক সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল বুধবার তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁকে আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হতে পারে।এ টি এম আজহার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াতের অষ্টম শীর্ষস্থানীয় নেতা। একই অভিযোগে কারাগারে আটক রয়েছেন জামায়াতের সাবেক আমির গোলাম আযম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, দুই সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী।গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এর কার্যক্রম শুরু হলে রাষ্ট্রপক্ষ জামায়াতের নেতা আজহারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানায়। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি আনোয়ারুল হক ও এ কে এম জহির আহমেদ।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নূরজাহান মুক্তা গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধকালে এ টি এম আজহার রংপুর জেলা ইসলামী ছাত্রসংঘের (জামায়াতের তত্কালীন ছাত্রসংগঠন) সভাপতি ছিলেন। একাত্তরের এপ্রিলে তিনি রংপুর কারমাইকেল কলেজের এক অধ্যাপককে স্ত্রীসহ এবং অপর পাঁচ শিক্ষককে পাকিস্তানি সেনাদের সহায়তায় অপহরণ করে দমদমা সেতুর কাছে নিয়ে যান। সেখানে তাঁদের গুলি করে হত্যা করা হয়। মার্চের শেষ দিকে মুক্তিযুদ্ধের সংগঠক রংপুরের এক আইনজীবীকে অপহরণ করে রংপুর সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। সেখানে আটকে রেখে তাঁকে নির্যাতন করা হয়। এপ্রিলের প্রথম দিকে তাঁকেসহ ১১ জনকে দখিগঞ্জ মহাশ্মশানে হাত-পাঁ বেঁধে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় এ টি এম আজহার প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে জানা গেছে।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আরও বলেন, একাত্তরের এপ্রিলের মাঝামাঝি সময়ে দেবগঞ্জের বাড়ুয়ার বিল ও পদ্মপুকুরের আশপাশের এলাকায় প্রায় এক হাজার ২০০ মানুষকে পাকিস্তানি সেনারা হত্যা এবং ঘরবাড়িতে লুণ্ঠন ও অগ্নিসংযোগ করে। এ হত্যাকাণ্ডের সঙ্গে আজহারের জড়িত থাকার অভিযোগ রয়েছে। একই সময়ে বদরগঞ্জ থানার ধাপপাড়ায় নয় মাসের এক অন্তঃসত্ত্বা নারীসহ ১১ জনকে গুলি করে হত্যার সঙ্গেও তিনি জড়িত ছিলেন।নূরজাহান মুক্তা বলেন, মুক্তিযুদ্ধকালে এ টি এম আজাহার তাঁর ৫০ সিসি মোটরসাইকেলে পাকিস্তানের জাতীয় পতাকা উড়িয়ে নিয়মিত রংপুর সেনানিবাসে যাতায়াত করতেন এবং সেখানে বুদ্ধিজীবী, শিক্ষক, মুক্তিযুদ্ধের সংগঠকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে হত্যা, অপহরণসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত ছিলেন। রংপুরে আলবদর বাহিনী গঠিত হলে তিনি এ বাহিনীর জেলা প্রধানের দায়িত্ব পালন করেন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, তদন্ত সংস্থা ইতিমধ্যে এ টি এম আজহারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু করেছে। সুষ্ঠু ও নির্বিঘ্ন তদন্তের জন্য তাঁকে গ্রেপ্তার করা দরকার।এরপর দুপুর ১২টার দিকে ট্রাইব্যুনাল এ টি এম আজহারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দিয়ে ট্রাইব্যুনাল আদেশে বলেন, গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে ট্রাইব্যুনালে হাজির করতে হবে। গ্রেপ্তারের সময় তাঁর শারীরিক অবস্থাও বিবেচনায় রাখতে হবে।এ সময় আসামিপক্ষের আইনজীবী ফরিদউদ্দিন খান ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।ট্রাইব্যুনালের আদেশের পর বেলা দুইটার দিকে রমনা থানার পুলিশ এ টি এম আজহারকে বড় মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার করে। রমনা থানার পরিদর্শক (তদন্ত) মসিউর রহমান প্রথম আলোকে বলেন, ট্রাইব্যুনালের আদেশের অনুলিপি পাওয়ার পর পুলিশ আজহারকে গ্রেপ্তার করে মিন্টো রোডে গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে যায়।এ টি এম আজহার ১৬ আগস্ট কারাগার থেকে জামিনে মুক্তি পান। মুজাহিদ গ্রেপ্তার হওয়ার পর আজহার দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্বে ছিলেন। গত বছরের ১৯ সেপ্টেম্বর কাকরাইলে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের ব্যাপক সহিংসতার পর আজহারুলকে গ্রেপ্তার করা হয়। তিনি গ্রেপ্তারের পর দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল করা হয় শফিকুর রহমানকে। আজহারকে কাকরাইলের ঘটনায় করা মামলাসহ পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। চলতি বছরের ২০ মার্চ তিনি জামিনে এসব মামলা থেকে মুক্তি পেলেও কারাফটক থেকে তাঁকে আবার গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে জামিনে মুক্তির এক সপ্তাহের মধ্যে তিনি এবার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হলেন।তদন্ত সংস্থার সূত্র জানায়, গত ১৫ এপ্রিল এ টি এম আজহারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।জামায়াতের প্রতিবাদ: এ টি এম আজহারুল ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে জামায়াত। গতকাল এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ প্রতিবাদ জানান। তিনি বলেন, নেতৃত্বশূন্য করে জামায়াতকে ধ্বংস করার যে ষড়যন্ত্র সরকার শুরু করেছে, তারই অংশ হিসেবে এ টি এম আজহারকে ‘তথাকথিত মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার মিথ্যা, কাল্পনিক অভিযোগে সাজানো মামলায়’ গ্রেপ্তার করা হয়েছে। ১১ মাস পর ১৬ আগস্ট তিনি জামিনে মুক্তি পান। কিন্তু পুলিশ তাঁর বাসা ঘেরাও করে রাখে। তাঁর সঙ্গে কাউকে দেখাও করতে দেওয়া হয়নি।মকবুল আহমাদ ‘সরকারের এই জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে’ দেশবাসীর প্রতি আহ্বান জানান।