গ্রেপ্তার হয়ে প্রথম চট্টগ্রাম দেখলেন পিতা-পুত্র
মো. আবু তাহের পেশায় রাজমিস্ত্রি। ছেলে মো. আনিসুর রহমান ওরফে মহসীন প্রবাসী। তাঁরা কখনো চট্টগ্রামে আসেননি। অথচ চট্টগ্রামের একটি হত্যা মামলায় পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে। চট্টগ্রাম কারাগারে এখন তাঁদের বন্দিজীবন কাটছে। তাহেরের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়।আবু তাহের প্রথম আলোকে বলেন, ‘আমি কখনো চট্টগ্রামে আসিনি। অথচ চট্টগ্রামে গণপিটুনিতে নিহত একটি হত্যা মামলায় আমি ও আমার ছেলেকে আসামি করা হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি আমার গ্রামের বাড়িতে পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আসে। আমরা বাপ-বেটা নাকি চট্টগ্রামে খুন করেছি।’আনিসুর রহমান বলেন, ‘আমার মায়ের হত্যা মামলার সাক্ষ্য দিতে গত বছরের ২ ডিসেম্বর বাহরাইন থেকে দেশে আসি। ২৫ জানুয়ারি চাঁদপুরের আদালতে আমার বাবার সাক্ষ্য নেওয়া হয়। গত ১ মার্চ আমার সাক্ষ্য দেওয়ার দিন ধার্য ছিল। ২০ মার্চ বাহরাইনে ফিরে যাওয়ার কথা ছিল। এর আগেই বাবার সঙ্গে আমাকেও গ্রেপ্তার করা হয়।’ তিনি অভিযোগ করেন, ‘আমার মায়ের হত্যাকারী খালেক এসব করছে।’চাঁদপুরের কচুয়ার ২ নম্বর পাথৈর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সফিকুর রহমান মোল্লা বলেন, ‘তাহেরকে শৈশব থেকে আমি চিনি। তিনি রাজমিস্ত্রির কাজ করেন। তিনি কখনো চট্টগ্রামে গেছেন বলে শুনিনি। অথচ চট্টগ্রামের হত্যা মামলায় তাঁকে ও তাঁর ছেলেকে আসামি করা হয়েছে।’পুলিশ ও তাহেরের সঙ্গে কথা বলে জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে ২০০১ সালের ২৫ নভেম্বর তাহেরের স্ত্রী ছেনোরা বেগম খুন হন। এ মামলার প্রধান আসামি আবদুল খালেক। মামলাটি চাঁদপুরের আদালতে বিচারাধীন। এ মামলায় সমঝোতা করতে তাহেরের ওপর আসামি খালেক বারবার চাপ দিচ্ছিলেন। কিন্তু তাহের রাজি না হওয়ায় এর আগে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে ছয়-সাতটি মামলা করা হয়। এর মধ্যে একটি হত্যাসহ দুটি মামলা হয় চট্টগ্রামে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় হত্যা বাদে অন্য দুটি মামলা থেকে তাহেরের নাম বাদ দেয় পুলিশ।পুলিশ সূত্র জানায়, গত ২ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকার একটি ভবনের নির্মাণসামগ্রী চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত হন সারোয়ার। এ ঘটনায় তাঁর বাবা আবদুল বাতেন ৪ ফেব্রুয়ারি চাঁদপুরের তাহের ও তাঁর ছেলে আনিসুরকে আসামি করে থানায় মামলা করেন। পুলিশ বাতেনের অভিযোগের ভিত্তিতে চাঁদপুরের কচুয়া থেকে দুজনকে গ্রেপ্তার করে।সূত্র জানায়, বাতেন ডবলমুরিং এলাকায় থাকেন। তাঁর বাসার পাশে খালেক থাকতেন বলে তথ্য পাওয়া গেছে। ওই খালেকের কারসাজিতে তাহের ও তাঁর ছেলেকে সরওয়ার হত্যা মামলায় আসামি করা হতে পারে। বিষয়টি ডবলমুরিং থানার পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় খালেক দায়ী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।বাতেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিভ্রান্তিকর তথ্য দেন। তিনি বলেন, ‘ডবলমুরিংয়ের উলাপুকুরপাড়ের ফারুকের দোকানের সামনে স্থানীয় দোকানিরা চোর সন্দেহে আমার ছেলেকে মেরেছে। স্থানীয় দোকানি মহসিনের ভাই আমাকে বলেছে, মহসিনসহ দোকানিরা আমার ছেলেকে হত্যা করেছে। মহসিনের এক ভাই আমাকে তাঁর ঠিকানা দিয়েছে।’ মহসিনের পরিচয় কী বা তাঁর ভাইয়ের নাম কী—জানতে চাইলে তিনি কিছু বলতে পারেননি। নিরীহ তাহের ও তাঁর ছেলে আনিসুরকে আসামি করলেন কীভাবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মহসিনের ভাইয়ের তথ্য অনুযায়ী তাদের আসামি করেছি। আমি তাদের চিনি না। কখনো কচুয়ায়ও যাইনি, চিনিও না। পুলিশ নিরীহ কাউকে ধরলে তার দায়দায়িত্ব পুলিশের।’ডবলমুরিং জোনের সহকারী কমিশনার এস এম তানভীর আরাফাত স্বীকার করেন, ‘চাঁদপুরের তাহের ও আনিসুরের বিরুদ্ধে হত্যা মামলাটি সাজানো। তাহেরের স্ত্রী হত্যা মামলার আসামি খালেকের কারসাজিতে বাপ-বেটা আসামি হতে পারেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। খালেককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ তিনি বলেন, নির্মাণসামগ্রী চুরি করতে গিয়ে সারোয়ার গণপিটুনিতে নিহত হন। তিনি একবার মোটরসাইকেল চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।সারোয়ার হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) সালাহউদ্দিন শামীম বলেন, সারোয়ার গণপিটুনিতে নিহত হওয়ার সময় তাহের ও তাঁর ছেলে আনিসুর ঘটনাস্থলে ছিলেন না বলে আমরা নিশ্চিত হয়েছি। তাই এ মামলা থেকে তাদের নাম বাদ দেওয়া হবে।’