গ্রেপ্তার ৯, স্বর্ণালংকার অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানীর নিউ হীরা জুয়েলার্স থেকে ডাকাতি হওয়া স্বর্ণালংকার, ডাকাতিতে ব্যবহূত অস্ত্র, অটোরিকশাসহ নয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার রাতে র‌্যাব ও ডিবি পৃথক অভিযান চালায়।এদিকে স্বর্ণালংকারসহ জুয়েল মৃধা নামে এক ডাকাতকে আটকের পর ঘুষ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে হাইওয়ে পুলিশের সার্জেন্ট ফরাজী বুলবুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার পৃথক সংবাদ সম্মেলনে উদ্ধার হওয়া সোনাদানাসহ গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সংবাদমাধ্যমের সামনে হাজির করে র‌্যাব ও ডিবি। গ্রেপ্তার হওয়া নয়জনের মধ্যে ছয়জন সরাসরি ডাকাতিতে অংশ নেন। বাকি তিনজনকে ডাকাতদের আশ্রয় ও সাহায্য করার অভিযোগে গ্রেপ্তার করা হয়।গত শুক্রবার দুপুরে রাজধানীর বনানীর ইকবাল সেন্টারের নিচতলায় হীরা জুয়েলার্সে ডাকাতি হয়। ডাকাতেরা প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের স্বর্ণালংকার লুটে নিয়ে গেছে বলে মামলায় উল্লেখ করেন দোকানের মালিক।র‌্যাবের হাতে গ্রেপ্তার পাঁচ: গতকাল সকালে র‌্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে গ্রেপ্তার হওয়া পাঁচজনকে হাজির করা হয়। তাঁদের কাছ থেকে স্বর্ণালংকার, গলানো সোনা ও সোনার গুঁড়াসহ মোট ৭০ ভরি সোনা, নগদ সোয়া দুই লাখ টাকা এবং একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: ফারুক শিকদার (৪৫), মো. সগীর (২৬), জুয়েল মৃধা (২৬), কবির হোসেন (৩৮) ও রোকেয়া বেগম (৫৫)।তাঁদের মধ্যে কবির ও রোকেয়া ডাকাতদের বিভিন্নভাবে সাহায্য করেছেন বলে জানিয়েছে র‌্যাব। রোকেয়া ডাকাত ফারুকের বোন।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন র‌্যাবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালক এম সোহায়েল। তিনি জানান, র‌্যাবের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১-এর যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।অভিযান পরিচালনাকারী কর্মকর্তা র‌্যাব-১-এর মেজর মোসতাক আহমেদ জানান, রাজধানীর গাবতলী, ফার্মগেট ও মহাখালী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এক মাস আগে থেকেই তাঁরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। ঘটনার দিন সিএনজিচালিত দুটি অটোরিকশায় করে তাঁরা শ্যাওড়াপাড়া থেকে বনানীতে আসেন। আবার ওই দুটি অটোরিকশায় ফিরে যান।ডিবির হাতে গ্রেপ্তার চার: গতকাল বিকেলে মহানগর ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাদের হাতে গ্রেপ্তার হওয়া চারজনকে গণমাধ্যমের সামনে হাজির করা হয়। এই চারজনের কাছ থেকে প্রায় ৫০ ভরি সোনা, ডাকাতিতে ব্যবহূত একটি পিস্তল, দুটি চাপাতি, একটি দা ও সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: ইয়াকুব মাল (২৮), আমির হোসেন হামজা (৫৫), মিলন (২৬) ও চান্দু কর্মকার (৬০)। চান্দু কর্মকার বরগুনার কাকছিঁড়ায় জুয়েলারির ব্যবসা করেন। লুট হওয়া সোনা রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। বাকি তিনজন সরাসরি ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করে ডিবি।ডিবির উপ-কমিশনার (উত্তর) মাহাবুবর রহমান জানান, কয়েক দিন ধরে অভিযান চালিয়ে ঢাকা, পিরোজপুর, বাকেরগঞ্জ, বরগুনা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।ডিবি ও র‌্যাবের কর্মকর্তারা জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ইয়াকুব দলনেতা। তাঁর পরিকল্পনা ও নির্দেশনায় ডাকাতি হয়েছে। ডাকাতিতে সাতজন অংশ নিয়েছিলেন। আর দুজন সিএনজিচালক গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিলেন।ডাকাতির সঙ্গে ওই দোকানের কোনো কর্মচারী বা নিরাপত্তারক্ষীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। তাঁদের মধ্যে ইয়াকুব, জুয়েল ও ফারুক শিকদার আগেও ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে বেরিয়ে তাঁরা আবার ডাকাতিতে অংশ নেন। তাঁদের প্রায় সবার বাড়ি পিরোজপুর।সার্জেন্ট বরখাস্ত: প্রথম আলোর গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি জানান, স্বর্ণের চুরি নিয়ে ডাকাত ছেড়ে দেওয়ার অভিযোগে গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট ফরাজী বুলবুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। হাইওয়ে পুলিশের পূর্বাঞ্চলের (কুমিল্লার) পুলিশ সুপার আনোয়ার কামাল মুঠোফোনে প্রথম আলোকে জানান, গত মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার বালুয়াকান্দিতে একটি গাড়ি তল্লাশি করে স্বর্ণালংকারসহ জুয়েলকে আটক করেন সার্জেন্ট বুলবুল। পরে স্বর্ণগুলো তাঁর কাছে রেখে জুয়েলকে ছেড়ে দেন তিনি। বিষয়টি জানতে পারে মহানগর ডিবি। গত বুধবার ডিবির এক কর্মকর্তা এসে বুলবুলের কাছ থেকে স্বর্ণালংকারগুলো নিয়ে গেছেন।পুলিশ সুপার জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় বুলবুলকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তদন্তের পর তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।