পুলিশ হেফাজতে সুব্রত বাইন
গ্রেপ্তারসংক্রান্ত তথ্য বাংলাদেশের হাইকমিশনকে দেয়নি কলকাতা পুলিশ
বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে ১২ দিনের পুলিশি হেফাজতে নিয়ে কলকাতা পুলিশের বিশেষ টাস্কফোর্সের (এসটিএফ) সদস্যরা এখন তাঁকে জেরা করছেন। গত মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়ার পর তিন দিন কেটে গেলেও কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সুব্রত বাইনের গ্রেপ্তারসংক্রান্ত কোনো তথ্য দেওয়া হয়নি কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনকে। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আবিদা ইসলাম আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলো ডটকমকে জানান, উপহাইকমিশনকে সুব্রত বাইনের গ্রেপ্তারসংক্রান্ত কোনো তথ্য এখনো দেয়নি কলকাতা পুলিশ। ফলে সুব্রত বাইনকে নিয়ে পরবর্তী কোনো পদক্ষেপ নিতে পারছেন না তাঁরা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সুব্রত বাইনের গ্রেপ্তার নিশ্চিত করা হলে তখনই আমরা তাঁর পরিচয় যাচাইয়ের জন্য কনস্যুলার এক্সসেস চাইতে পারি। এখনো সেই সময় হয়নি।’ এদিকে, সুব্রত বাইন পুলিশি জেরার মুখে স্বীকার করেছেন, কলকাতায় তাঁর মোবাইল ফোনের ব্যবসা আছে। কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের প্রধান রাজীব মিশ্র জানিয়েছেন, সুব্রত বাইনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারি আছে। তাই তাঁকে গ্রেপ্তারের দিনই ইন্টারপোলের ভারতীয় শাখা সিবিআই কলকাতা পুলিশের কাছে পাঠানো এক বার্তায় সুব্রত বাইনের আইনি অবস্থানসংক্রান্ত তথ্য জানতে চেয়েছে। ওই বার্তায় বলা হয়েছে, ইন্টারপোলের বাংলাদেশ শাখা সুব্রত বাইনের গ্রেপ্তারসংক্রান্ত তথ্য ও আইনি অবস্থা জানতে চেয়েছে।