গ্রেপ্তারি পরোয়ানার আবেদনের আইনি ভিত্তি নেই: মাহবুব উদ্দিন খোকন
তারেক রহমানের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ইন্টারপোলের মাধ্যমে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য যে আবেদন করা হয়েছে, তার আইনগত ভিত্তি নেই। আজ সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে আইনজীবী মাহবুব উদ্দিন খোকন এই মন্তব্য করেন। তারেক রহমানের আইনজীবী বলেন, রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে সরকারের নির্দেশে গ্রেপ্তারের জন্য ইন্টারপোল কাজ করেছে, পৃথিবীর কোনো দেশে এমন নজির নেই। মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, ‘তারেক রহমানের আইনজীবী হিসেবে বলছি, ২০০৮ সালে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে জামিন পান। এরপর চিকিত্সার জন্য তিনি বিদেশ যান। বর্তমানে তিনি লন্ডনে চিকিত্সাধীন। এখনো পুরোপুরি সুস্থ হননি। সুস্থ হলে দেশে ফিরবেন। তিনি দেশ সম্পর্কে ভাবেন। দেশের মানুষ সম্পর্কে ভাবেন।’ মাহবুব উদ্দিন আরও বলেন, ২০ মে লন্ডনের একটি অনুষ্ঠানে তারেক রহমান উপস্থিত হন। তার পরিপ্রেক্ষিতে সরকারের মন্ত্রীরা তাঁর বিরুদ্ধে অনেক ধরনের বক্তব্য দিচ্ছেন। একজন প্রতিমন্ত্রী বলেছেন, তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। তাঁর বক্তব্যের পরপরই দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে নিম্ন আদালতে আবেদন করা হয়। দরখাস্ত অনুসারে আদালত আদেশ দেন । মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, ‘মন্ত্রী সাহেবের বক্তব্যের পরই দুদক এই উদ্যোগ নিল।’ যে দরখাস্ত দুদক দিয়েছে এবং নিম্ন আদালত যে আদেশ দিল, তার কোনোটাই প্রচলিত আইন সমর্থন করে না বলে জানান আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। এসবের কোনো আইনি বিধান নেই বলে তিনি দাবি করেন। সেখানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদিন, সমিতির সাবেক সম্পাদক এম বদরুদ্দোজা, আইনজীবী নাসির উদ্দিন আহমেদ, কায়সার কামাল, রাগীব রউফ চৌধুরী প্রমুখ।