গ্রেপ্তারের আশঙ্কায় দেশ ছেড়েছেন জোয়ার্দার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তারের আশঙ্কায় সপরিবারে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক গোয়েন্দা কর্মকর্তা লে. কর্নেল (চাকরিচ্যুত) সাইফুল ইসলাম জোয়ার্দার। তিনি এখন দুবাই আছেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে সাইফুল ইসলাম ডিউক রিমান্ডে এ তথ্য দিয়েছেন বলে জানা গেছে। সিআইডি সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে ডিউক জানিয়েছেন, পালিয়ে যাওয়ার পর দুবাইয়ে জোয়ার্দারের সঙ্গে তাঁর দেখা হয়েছে। ডিউকের দাবি, আত্মীয় হিসেবে তাঁদের মধ্যে দেখা হয়েছে। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় (২০০১-০৬) তাঁর একান্ত সচিব ছিলেন ডিউক। আর তখন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে (ডিজিএফআই) কর্মরত লে. কর্নেল সাইফুল ইসলাম জোয়ার্দার ছিলেন ডিউকের ভায়রা।জিজ্ঞাসাবাদ-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ডিউকের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অধিকতর তদন্ত শুরুর পর থেকে জোয়ার্দার আশঙ্কা করছিলেন যে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে। তাঁর আশঙ্কা ছিল, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মামলার আলামত নষ্ট করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে। তাই গত বছর ৫ নভেম্বর রাতে চাকরিচ্যুত হওয়ার পর জোয়ার্দার সপরিবারে দুবাই পালিয়ে যান।সিআইডি সূত্র জানায়, বিগত জোট সরকারের আমলে ২১ আগস্ট হামলায় গ্রেনেড সরবরাহকারী মাওলানা তাজউদ্দিনকে বিদেশে পালাতে সহায়তা করেন জোয়ার্দার। তখন তিনি ডিজিএফআইয়ের প্রভাবশালী কর্মকর্তা ছিলেন। আর জোয়ার্দারের যোগাযোগ থাকার প্রমাণ মেলায় ডিউককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এ ছাড়া এ মামলার অন্যতম আসামি মাওলানা তাজউদ্দিনকে বিদেশে পালিয়ে যেতে সহায়তা করা এবং অভিযোগপত্রভুক্ত পলাতক আসামিদের সঙ্গে ডিউকের যোগাযোগ রয়েছে বলে আদালতে দেওয়া সিআইডির প্রতিবেদনে উল্লেখ রয়েছে। ডিউককে গত বৃহস্পতিবার চার দিনের রিমান্ডে নেওয়া হয়। তাঁকে ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার পর জোট সরকারের শীর্ষ ব্যক্তিদের ভূমিকা কী ছিল, তা নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গেছে।