গ্রেপ্তারের আড়াই ঘণ্টা পর মুক্ত সাকা চৌধুরী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে গতকাল বুধবার রাতে গ্রেপ্তার করার কয়েক ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। কোতোয়ালি থানার পুলিশ রাত সাড়ে নয়টার দিকে নির্বাচন কমিশনের ৯ জুন করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করে। পরে নির্বাচন কমিশনের নির্দেশে প্রায় আড়াই ঘণ্টা পর রাত ১২টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। জানা গেছে, ভোটার তালিকা সম্পর্কে অসত্য ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করার অভিযোগে নগরের কোতোয়ালি থানায় মামলাটি করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন। সাকা চৌধুরী তখন চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, সিটি করপোরেশন নির্বাচনে ৫৫ হাজার ছবি ছাড়া ভোটার আছে। ছাত্রলীগের বহিরাগতরা এসব ভোট দেবে বলে তিনি অভিযোগ করেছিলেন।পুলিশ ও দলীয় সূত্র জানায়, বাকলিয়ায় মান্নান সওদাগর নামে এক ব্যক্তির বাড়িতে দাওয়াত খেয়ে বিকেল সোয়া পাঁচটার দিকে চারটি গাড়ি নিয়ে শহরে ফেরার পথে নগরের বাকলিয়া থানা পুলিশ তাঁর গাড়িবহর আটকে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সাকা চৌধুরীর গাড়ি দীর্ঘ সময় ধরে আটকে রাখায় উত্তেজিত কর্মী-সমর্থকেরা সন্ধ্যার দিকে থানা আক্রমণের চেষ্টা চালান। এ সময় ভেতর থেকে পুলিশ মূল ফটক বন্ধ করে দিলে কর্মী-সমর্থকেরা আর ভেতরে ঢুকতে পারেননি। তবে দু-একজন সমর্থক ফটক টপকে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এর আগে উত্তেজিত কর্মীরা কয়েকজন পুলিশকে ধাওয়া করেন। পুলিশ দৌড়ে থানা ভবনের ভেতরে আশ্রয় নেয়।উত্তেজিত কর্মীরা স্লোগান দিয়ে তিন ঘণ্টা চট্টগ্রাম-কক্সবাজার সড়ক অবরোধ করে রাখেন। ফলে বহদ্দারহাট থেকে শাহ আমানত সেতু পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।জানা গেছে, মান্নান সওদাগরের বাড়ি থেকে ফেরার পথে সাকা চৌধুরীর গাড়ির বহরে ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়া ও দলীয় নেতা-কর্মীরা। বিকেলে তাঁরা গাড়ির বহর নিয়ে মূল শহরে প্রবেশ করছিলেন। বাকলিয়া থানা ভবন পার হওয়ার সময় পুলিশ বহরের দুটি গাড়ি থামিয়ে দেয়। এ সময় বহরের অন্য দুটি গাড়ি দ্রুত এলাকা ত্যাগ করে। এ খবর জানাজানি হলে বিএনপির নেতা-কর্মীরা বাকলিয়া থানার সামনে জড়ো হন।বিকেলে বাকলিয়া থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) আরিফ ইকবাল প্রথম আলোকে বলেন, সিটি নির্বাচনের আগের দিন গাড়ির বহর নিয়ে চলাচলের কারণে আচরণবিধি ভঙ্গ হওয়ার আশঙ্কা থাকে। তাই সালাউদ্দিন কাদের চৌধুরীর গাড়ি আটকানো হয়েছে। রাত সাড়ে আটটার দিকে বাকলিয়া পুলিশ তাঁকে ছেড়ে দেয়। এরপর তাঁকে নিয়ে গাড়িটি শহরের দিকে রওনা হয়। আধ কিলোমিটার যাওয়ার পর পুলিশ আবার তাঁর গাড়িটি আটকে দেয়।রাত সাড়ে নয়টার দিকে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক প্রথম আলোকে বলেন, নির্বাচন কমিশনের কোতোয়ালি থানায় করা মামলায় সাকা চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে রাতে নির্বাচন কমিশনের দেওয়া একটি চিঠির পরিপ্রেক্ষিতে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এর আগে সন্ধ্যায় প্রথম দফায় গাড়ি আটকের পর সাকা চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তোলা হচ্ছে। আমি তো বাকলিয়ার একটি বাড়িতে দাওয়াত খেয়ে সেখান থেকে বাসায় ফিরছিলাম। এ অবস্থায় আমার গাড়ির পথরোধ করে পুলিশ যা করেছে, তা ঠিক হয়নি।’