শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছনার অভিযোগ
গ্রেপ্তারের দেড় ঘণ্টার মধ্যে জামিন পেলেন উপজেলা চেয়ারম্যান
ঠাকুরগাঁও সদর উপজেলার শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী গ্রেপ্তার হওয়ার দেড় ঘণ্টা পর জামিনে ছাড়া পেয়েছেন।ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাহিদুল হকের নেতৃত্বে আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদের কার্যালয় থেকে নম্র চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর নম্র চৌধুরীকে ঠাকুরগাঁও মুখ্য বিচারিক হাকিম জুলফিকার আলী খানের আদালতে হাজির করা হয়। আদালত বেলা দুইটার দিকে ৩০ হাজার টাকা জামানতে ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিল্লা মোল্লা, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোজাম্মেল হক এবং সাধারণ সম্পাদক আবু জাফর শামসুদ্দীনের জিম্মায় নম্র চৌধুরীর জামিন মঞ্জুর করেন।ঠাকুরগাঁও আনন্দ স্কুলে রকস প্রকল্পের টাকা ছাড়া করা নিয়ে উপজেলা চেয়ারম্যানের সঙ্গে গতকাল শিক্ষা কর্মকর্তা আবদুস সালামের কথাকাটাকাটি হয়। শিক্ষা কর্মকর্তা অভিযোগ করেন, কথাকাটাকাটির একপর্যায়ে উপজেলা চেয়ারম্যান তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল থানায় একটি মামলা করেন শিক্ষা কর্মকর্তা।জামিন পাওয়ার আগে উপজেলা চেয়ারম্যান নম্র চৌধুরী জানান, রকস প্রকল্পের এনজিওগুলো ওই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তাঁর কাছে আর্থিক অনিয়মের অভিযোগ করে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল শিক্ষা কর্মকর্তাকে ডেকে নিয়ে আসা হয়। এ সময় প্রকল্পের অগ্রগতি ও টাকা ছাড়ের বিষয়ে জানতে গেলে শিক্ষা কর্মকর্তা রেগে যান। তবে শিক্ষা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়টি অস্বীকার করেন উপজেলা চেয়ারম্যান। নম্র চৌধুরী দাবি করেন, ‘শিক্ষা কর্মকর্তা অনিয়ম থেকে বাঁচতে আমার বিরুদ্ধে মামলা করেছেন।’