গ্রেপ্তারের পর কারাগারে মাহমুদুর রহমান
আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের পর গতকাল বুধবার সন্ধ্যায় কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের রিমান্ডের আবেদন মঞ্জুর না করে আদালত তিন দিনের মধ্যে তাঁকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।গতকাল ভোর চারটার দিকে কারওয়ান বাজারে আমার দেশ পত্রিকার কার্যালয় থেকে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে পত্রিকাটির প্রকাশনা (ডিক্লারেশন) বাতিল করা হয়।এর আগে পত্রিকাটির প্রকাশক হাসমত আলী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন। তবে একটি গোয়েন্দা সংস্থা তাঁকে দিয়ে জোর করে মামলাটি করায় বলে অভিযোগ রয়েছে। প্রকাশনা বাতিলের পর পরই মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের জন্য পুলিশ আমার দেশ কার্যালয়ে অভিযান চালায়। কিন্তু পত্রিকার সংবাদকর্মীরা তাঁদের সম্পাদককে গ্রেপ্তারে পুলিশকে বাধা দেন। এ ঘটনায় পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে পুলিশ মামলা করে।গতকাল এই মামলায় তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা হাসমত আলীর মামলায় জামিন দেন।গ্রেপ্তার অভিযান: মঙ্গলবার রাত ১১টার দিকে পুলিশ মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের জন্য আমার দেশ কার্যালয়ে অভিযান শুরু করে। এ সময় পত্রিকাটির সংবাদকর্মীরা মূল দরজা অবরোধ করে রাখেন। গভীর রাত পর্যন্ত কয়েক দফা পুলিশের সংখ্যা বাড়ানো হলেও কর্মীদের অনড় অবস্থানের কারণে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা যায়নি। শেষপর্যন্ত ভোর চারটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।আদালত: কড়া নিরাপত্তার মধ্যে ক্যান্টনমেন্ট থানা হাজত থেকে বিকেল পাঁচটার দিকে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী হোসাইনের এজলাসে তাঁকে হাজির করা হয়। এ সময় আওয়ামী আইনজীবী পরিষদ, সরকারি আইনজীবী এবং বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা এজলাস ও আদালত প্রাঙ্গণে ভিড় করেন। মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে বিএনপির সমর্থকেরা সরকারবিরোধী স্লোগান দিলে পুলিশ লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়।মাহমুদুর রহমানের পক্ষে সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদারসহ শতাধিক আইনজীবী শুনানিতে অংশ নেন। আইনজীবীরা আদালতে বলেন, আমার দেশ পত্রিকা কার্যালয় চারদিক থেকে ঘিরে রেখেছিল পুলিশ। বহিরাগত কারও পক্ষে ভেতরে ঢোকার সুযোগ ছিল না। পুলিশকে আটকে রেখে মারধরের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, বহিরাগতদের চিহ্নিত করতে এবং তাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডের প্রয়োজন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন শাহ আলম তালুকদার, মোখলেছুর রহমান, কাজী নজিবুল্লাহ, খন্দকার আব্দুল মান্নান প্রমুখ। নতুন মামলা: পুলিশ জানায়, মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের সময় সাংবাদিক-কর্মীরা বাধা দিয়েছে। এ ঘটনায় তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল বাদী হয়ে বুধবার ভোরে মামলা করেন। এতে মাহমুদুর রহমান ছাড়াও ওই পত্রিকার সাংবাদিক সঞ্জীব চৌধুরী, সৈয়দ আবদাল আহমেদ, জাহেদ চৌধুরী, আলাউদ্দিন আরিফ ও পিয়ন সাইফুলসহ অজ্ঞাতপরিচয় ১০০ জনকে আসামি করা হয়।বিএনপির মিছিল: আমার দেশ পত্রিকার প্রকাশনা বন্ধ ও পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মিছিলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।জাতীয়তাবাদী তাঁতী দলের আলোচনা সভায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমার দেশ পত্রিকার প্রকাশনা বন্ধ ও সম্পাদককে গ্রেপ্তার করে আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা গণতান্ত্রিক দল নয়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল নয়াপল্টনে মওলানা ভাসানী মিলনায়তনে তাঁতী দল আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।জামায়াতের নিন্দা: জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী এক বিবৃতিতে বলেছেন, আমার দেশ বন্ধ করে দিয়ে মহাজোট সরকারের অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী মানসিকতাই প্রকাশিত হয়েছে। এর আগে সরকার চ্যানেল ওয়ান বন্ধ করে কয়েক শ সাংবাদিক-কর্মীকে বেকার করেছে। এখন আরও কয়েক শ বেকার হলেন।নিন্দা: আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ‘খুব অল্প সময়ের মধ্যে চ্যানেল ওয়ান বন্ধ করে দেওয়া, সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক বন্ধ করে দেওয়া ও সর্বশেষ আমার দেশ পত্রিকার প্রকাশনা বাতিল করা মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে বর্তমান গণতান্ত্রিক সরকারের দায়িত্বকে নিশ্চিতভাবেই প্রশ্নবিদ্ধ করবে।’ আরও নিন্দা জানিয়েছে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, ড্যাব প্রভৃতি সংগঠন।তলব: আদালত অবমাননার অভিযোগে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও প্রকাশক হাসমত আলীসহ পাঁচজনকে ৫ জুলাই ব্যক্তিগতভাবে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। গতকাল বুধবার সকালে প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।গত ২১ এপ্রিল ওই পত্রিকায় ‘চেম্বার মানেই সরকার পক্ষে স্টে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি আদালত অবমাননার শামিল—এমন অভিযোগ এনে সুপ্রিম কোর্টের আইনজীবী রিয়াজউদ্দিন খান ও কাজী মাইনুল হাসান মামলা করেন।