গ্রেপ্তারের পর জামিনে মুক্ত জর্জ ক্লুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত সুদান দূতাবাসের সামনে ১৬ মার্চ শুক্রবার এক বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণের সময় গ্রেপ্তার হন হলিউডের প্রখ্যাত অভিনেতা জর্জ ক্লুনি ও তাঁর বাবা। অবশ্য পরে ১০০ ডলারের বিনিময়ে জামিনে মুক্তি পেয়েছেন তিনি।বিক্ষোভকারীরা সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশিরের বিরুদ্ধে সেখানকার মানবিক বিপর্যয়ে ইন্ধন জোগানোর প্রতিবাদে সমবেত হয়েছিলেন। প্রেসিডেন্ট বশির দক্ষিণ সুদানের সীমান্ত এলাকা নুবা পার্বত্য এলাকায় বাইরে থেকে খাদ্য ও অন্যান্য সাহায্যের প্রবেশে বাধা দেওয়ার কারণে এই বিক্ষোভ কর্মসূচি—এক খবরে এমনটাই জানিয়েছে সিবিএস নিউজ।বিক্ষোভের সময় দূতাবাসের সামনে স্থাপিত পুলিশ লাইন অতিক্রম না করার জন্য বারবার সতর্ক করে দেওয়া হয় বিক্ষোভকারীদের। পরপর তিনবার সতর্ক বাণী শোনার পরও তা উপেক্ষা করে এগিয়ে গেলে গ্রেফতার করা হয় জর্জ ক্লুনিকে। তাঁর সঙ্গে আরও গ্রেপ্তার করা হয় যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি জিম মরগ্যান এবং ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপলের প্রেসিডেন্ট বেন জিলাসকে। গ্রেফতারের পর তাঁদের হাতে হাতকড়া পরিয়ে মার্কিন সিক্রেট সার্ভিসের একটি গাড়ির পেছনে বসানো হয়। হলিউডের অভিনেতা জর্জ ক্লুনি আফ্রিকার দেশগুলোর সহিংস পরিস্থিতির বিরুদ্ধে বেশ কয়েক বছর ধরেই উচ্চকণ্ঠ, তিনি এ-সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্যচিত্রও নির্মাণ করেছেন। মাত্র কয়েকদিন আগেও সুদানে আসন্ন মানবিক বিপর্যয় সম্পর্কে ক্লুনি বলেছিলেন, ‘এ বিষয়টি নিয়ে এখনই অনেক বেশি সচেতনতা তৈরি করা খুবই জরুরি হয়ে পড়েছে। আগামী তিন-চার মাসের মধ্যে কার্যকরী পদক্ষেপ না নিলে ভয়াবহ মানবিক বিপর্যয়ের সাক্ষী হতে হবে আমাদেরকে।’