গ্রেপ্তারের পর ডাকাত ‘বন্দুকযুদ্ধে’ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল শুক্রবার গভীর রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আহত হয়েছেন এর আগে গ্রেপ্তার হওয়া নাজেমউদ্দিন ওরফে নাজু নামের এক ব্যক্তি। পুলিশের ভাষ্যমতে, নাজেমউদ্দিন একটি ডাকাতদলের সর্দার। তাঁকে আজ শনিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশের একজন কর্মকর্তাসহ তিনজন আহত হয়েছেন। তাঁরা হলেন: উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহ নেওয়াজ এবং দুই কনস্টেবল আবদুর রহমান (২০) ও মফিজুর রহমান (২১)। তাঁদের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। কালারমারছড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহ নেওয়াজের ভাষ্যমতে, গতকাল বিকেল চারটার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ঝাপুয়া এলাকা থেকে নাজেমউদ্দিন তাঁর দুই সহযোগীকে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ তাঁদের ধাওয়া করে। চকরিয়া উপজেলার চালিয়াতলি এলাকায় পুলিশ মোটরসাইকেলসহ নাজেমউদ্দিন ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে নাজেমউদ্দিন পুলিশকে তাঁর আস্তানা ও সেখানে অস্ত্র থাকার তথ্য দেন। উপপরিদর্শক মোহাম্মদ শাহ নেওয়াজের ভাষ্য, গতকাল রাত একটার দিকে নাজেমউদ্দিনের তথ্য অনুযায়ী তাঁকে নিয়ে পুলিশ দক্ষিণ ঝাপুয়া এলাকার চিকনিপাড়ায় তাঁর আস্তানায় অভিযান চালায়। এ সময় পুলিশের কাছ থেকে নাজেমউদ্দিনকে ছিনিয়ে নিতে তাঁর সহযোগীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘণ্টা দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এ ঘটনায় নাজেমউদ্দিন গুলিবিদ্ধ হন। তাঁর সহযোগীরা পালিয়ে যান। নাজেমউদ্দিনের আস্তানা থেকে তিনটি দেশীয় অস্ত্র, একটি রামদা, একটি ছোরা ও ১১টি কার্তুজ উদ্ধার করা হয়। মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) নাছিরউদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের পক্ষ থেকে ১৪টি গুলি ছোড়া হয়েছে। তিনি জানান, নাজেমউদ্দিন ওরফে নাজু থানার তালিকাভুক্ত শীর্ষ ডাকাত। তাঁর বিরুদ্ধে থানায় ছয়টি হত্যা মামলাসহ ২০টি মামলা রয়েছে।