গ্রেপ্তারের পর রাশেদুল-স্মৃতি রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুরাইনে মা ও দুই সন্তানের মৃত্যুর ঘটনায় ফারজানা রিতার স্বামী রাশেদুল কবির ও তাঁর দ্বিতীয় স্ত্রী রাজিয়া সুলতানা স্মৃতিকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার সকালে গুলশান এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরপরই তাঁদের আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। এ ছাড়া ফারজানার শ্বশুর-শাশুড়ি-ননদ ও ওই বাড়ির জামাতাকে দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তাঁরা গোপন সূত্রে জানতে পারেন, স্মৃতি ও রাশেদুল বাড্ডার একটি বাড়িতে অবস্থান করছেন। এর পর থেকে তাঁরা এঁদের খুঁজতে থাকেন। শেষ পর্যন্ত কাল সকালে জানতে পারেন, দুজনে গুলশানের একটি রাস্তার সামনে অপেক্ষা করছেন। সকাল নয়টায় গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মোখলেছুর রহমানের নেতৃত্বে একটি দল সেখান থেকে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় স্মৃতি কালো বোরকা পরে মুখ ঢেকে ছিলেন। রাশেদুল পাজামা-পাঞ্জাবির সঙ্গে মুখে মাস্ক পরে রাস্তায় অপেক্ষা করছিলেন। ধরা পড়ার পর দুজনই কান্নাকাটি করেন। গ্রেপ্তারের পর তাঁদের গোয়েন্দা পুলিশের দপ্তরে আনা হয়। পরে নেওয়া হয় আদালতে।ডিবির পরিদর্শক শেখ মাহবুবুুর রহমান গতকাল রাশেদুল ও স্মৃতিকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। একই আদালতে ফারজানার শ্বশুর সাংবাদিক শফিকুল কবির, শাশুড়ি নূর বানু, দুই ননদ সুখন ও কবিতা এবং এক ননদের স্বামী দেলোয়ার হোসেন পাটোয়ারীকে তিন দিনের রিমান্ড শেষে হাজির করা হয়। গতকাল তাঁদের আবার সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আসামিদের পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা পুলিশ রাশেদুল ও স্মৃতিকে গুলশান ১ নম্বর থেকে গ্রেপ্তার করে। ২১ জুন ফারজানার শ্বশুর, শাশুড়ি, দুই ননদ এবং এক ননদের স্বামীকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় ফারজানার গাড়িচালক আল আমিন ও ওষুধের দোকানি গাফ্ফারকেও গ্রেপ্তার করা হয়। গাড়িচালক আল আমিনকে গত শুক্রবার দ্বিতীয় দফায় আরও চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গাফ্ফার রিমান্ড শেষে কারাগারে আটক আছেন।রাশেদুল ও স্মৃতিসহ অন্য আসামিদের রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করা হয়। আইনজীবীরা বলেন, আসামিরা নির্দোষ, রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। আসামিপক্ষে শুনানি করেন শাহজাহান খান ও এমদাদুল হক।সরকারপক্ষের আইনজীবী এম এ কামরুল হাসান খান মা ও দুই শিশুসন্তানের আত্মহত্যার রহস্য উদ্ঘাটনের জন্য আসামিদের রিমান্ডে নেওয়ার প্রয়োজনীয়তা আদালতে তুলে ধরেন।উপপরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন আদালতকে বলেন, আত্মহত্যার প্ররোচনার বিষয়ে প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে রিমান্ডে নেওয়া প্রয়োজন।১১ জুন পুলিশ জুরাইনের আলমবাগের ২২৯ নম্বর তিনতলা বাড়ির দোতলা থেকে ফারজানা রিতা (৩৫), তাঁর ছেলে ইশরাক পাবন (১২) ও মেয়ে রাইসা রাশমিন পায়েলের (১০) লাশ উদ্ধার করে। পরদিন আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে ফারজানার মা আটজনের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা করেন।