গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা আদায়, তিন গোয়েন্দা বরখাস্ত
চট্টগ্রামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা আদায় করার অভিযোগে নগর গোয়েন্দা পুলিশের তিন উপপরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল রোববার রাতে নগর পুলিশ কমিশনারের নির্দেশে গোয়েন্দা শাখার উপকমিশনার তাঁদের সাময়িক বরখাস্ত করেন।এ তিন এসআই হলেন: নুরুজ্জামান, হেলালউদ্দিন ও ধীমান মজুমদার। তাঁরা নগর গোয়েন্দা শাখার উত্তর অঞ্চলে কর্মরত ছিলেন। নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মো. মনিরুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, তিন এসআইয়ের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। পুলিশ সূত্র জানায়, গত ১৪ জুন রেয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী শহীদুল ইসলাম স্টেশনের রোডে অবস্থিত ইউসিবিএল ব্যাংক থেকে দুই লাখ টাকা তুলে তাঁর ব্যবসায়িক কার্যালয়ে ফিরছিলেন। এ সময় তাঁর পিছু নেন এ তিন পুলিশ কর্মকর্তা। শহীদুল তাঁর কার্যালয়ে ঢোকার পর পুলিশ কর্মকর্তারা সেখানে গিয়ে তাঁকে হুন্ডি ব্যবসায়ী হিসেবে অভিহিত করে গ্রেপ্তার করার হুমকি দেন। পুলিশ সূত্র জানায়, এ সময় তাঁরা ব্যবসায়ীর কাছ থেকে দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে দর-কষাকষি করে ২৫ হাজার টাকার বিনিময়ে তাঁরা শহীদুলকে গ্রেপ্তার করা থেকে বিরত থাকেন। পরে শহীদুল ঘটনাটি নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মৌখিক ও লিখিতভাবে জানান। পুলিশ সূত্র জানায়, মৌখিক অভিযোগের ভিত্তিতে ১৪ জুন দুপুরে গোয়েন্দা শাখার উপকমিশনার মো. মনিরুজ্জামান অতিরিক্ত উপকমিশনার মো. তারেক আহম্মেদকে ঘটনাস্থলে পাঠান। প্রাথমিক তদন্তে তিনি ঘটনার সত্যতা পান। ঘটনার দুই দিন পর গত শনিবার তারেক তদন্ত প্রতিবেদন তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাখিল করেন। ব্যবসায়ী শহীদুল ইসলাম সাতকানিয়া হ্যাচারি, সাতকানিয়া ফিশারিজ, সাতকানিয়া এন্টারপ্রাইজসহ একাধিক প্রতিষ্ঠানের মালিক বলে জানা গেছে।