নিউজ ইন্টারন্যাশনালের সাবেক প্রধান নির্বাহী রেবেকা ব্রুকস গ্রেপ্তারের প্রায় ১২ ঘণ্টা পর গতকাল রোববার মধ্যরাতে (বাংলাদেশ সময় সোমবার সকাল) জামিনে মুক্তি পেয়েছেন। ফোনে আড়ি পাতা কেলেঙ্কারির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাঁকে গতকাল গ্রেপ্তার করেছিল। ব্রিটেনের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘রেবেকা ব্রুকসকে গতকাল মধ্যরাতে জামিনে মুক্তি দেওয়া হয়।’ ফোনে আড়ি পাতার ঘটনায় জড়িত সদ্য বিলুপ্ত ট্যাবলয়েড নিউজ অব দি ওয়ার্ল্ড-এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান হচ্ছে নিউজ ইন্টারন্যাশনাল। ৪৩ বছর বয়সী রেবেকা গত শুক্রবার প্রতিষ্ঠানটির শীর্ষ পদ থেকে পদত্যাগ করেন। তিনি ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত নিউজ অব দি ওয়ার্ল্ড-এর সম্পাদক ছিলেন। ওই সময়কালে পত্রিকাটি নিহত কিশোরী মিলি ডাওলারের ফোনে আড়ি পেতেছিল বলে পরে প্রমাণিত হয়। তবে রেবেকা ব্রুকস ফোনে আড়ি পাতা কেলেঙ্কারির ঘটনা অস্বীকার করেন।এদিকে কেলেঙ্কারির ঘটনা তদন্তের মধ্যেই লন্ডন মেট্রোপলিটন পুলিশের কমিশনার পল স্টিফেনসন গতকাল পদত্যাগ করেন। অভিযোগ রয়েছে, পুলিশ কর্মকর্তারা অর্থের বিনিময়ে পত্রিকাটিকে ফোনে আড়ি পাতার সুযোগ করে দেন এবং এ বিষয়ে যথাযথ তদন্ত করেননি। তবে স্টিফেনসন টেলিভিশনে পাঠানো এক বিবৃতিতে বলেন, ‘অসম্মানজনক (ফোনে আড়ি পাতা) ওই কাজটি সম্পর্কে আমার জানা নেই।’ রয়টার্স