গ্রেপ্তারের ২ ঘন্টা পর ছাড়া পেলেন সাকা
গ্রেপ্তারের ২ ঘন্টা পর ছাড়া পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী। আজ বুধবার রাত সাড়ে ১১টার দিকে তিনি কোতোয়ালি থানা থেকে তিনি ছাড়া পান। রাত সাড়ে নয়টায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গত ৯ জুন নির্বাচন কমিশনের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।নির্বাচন কমিশনের রিটানিং কর্মকর্তার লিখিত অনুরোধে পুলিশ তাঁকে ছেড়ে দেয়। নগরের কোতোয়ালি থানায় ভোটার তালিকা সম্পর্কে অসত্য ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করার অভিযোগে মামলাটি করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন। সাকা চৌধুরী তখন চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, সিটি করপোরেশন নির্বাচনে ৫৫ হাজার ছবি ছাড়া ভোটার আছে। ছাত্রলীগের বহিরাগতরা এসব ভোট দেবে বলে তিনি অভিযোগ করেছিলেন।পুলিশ ও দলীয় সূত্র জানায়, আজ বিকেল সোয়া পাঁচটার দিকে চারটি গাড়ি নিয়ে নগরের বাকলিয়া থেকে মূল শহরে প্রবেশের সময় সাকা চৌধুরীকে পুলিশ আটকে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সালাউদ্দিন কাদের চৌধুরীর গাড়ি দীর্ঘ সময় ধরে আটকে রাখায় উত্তেজিত কর্মী-সমর্থকেরা সন্ধ্যার দিকে থানা আক্রমণের চেষ্টা চালায়। এ সময় ভেতর থেকে পুলিশ মূল ফটক বন্ধ করে দিলে আক্রমণকারীরা আর ভেতরে ঢুকতে পারেনি। তবে দুই-একজন সমর্থক ফটক টপকে ভেতরে ঢোকার চেষ্টা করেছিল। এর আগে উত্তেজিত কর্মীরা কয়েকজন পুলিশকে ধাওয়া করে। পুলিশ দৌড়ে থানা ভবনের ভেতরে আশ্রয় নেয়।উত্তেজিত কর্মীরা স্লোগান দিয়ে তিন ঘণ্টা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার সড়ক অবরোধ করে রাখে। ফলে বহদ্দারহাট থেকে শাহ আমানত সেতু পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বিকেলে নগরের বাকলিয়া এলাকার মান্নান সওদাগরের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন সাকা চৌধুরী। তাঁর গাড়ির বহরে ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়া ও দলীয় নেতা-কর্মীরা। বিকেলে তাঁরা গাড়ির বহর নিয়ে মূল শহরে প্রবেশ করছিলেন। বাকলিয়া থানা ভবন অতিক্রম করার সময় পুলিশ বহরের দুটি গাড়ি থামিয়ে দেয়। বহরের অন্য দুটি গাড়ি দ্রুত এলাকা ত্যাগ করে চলে যায়। এ খবর জানাজানি হলে বিএনপির নেতা-কর্মীরা বাকলিয়া থানার সামনে জড়ো হয়।বিকেলে বাকলিয়া থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) আরিফ ইকবাল প্রথম আলোকে বলেন, সিটি নির্বাচনের আগের দিন গাড়ির বহর নিয়ে চলাচলের কারণে আচরণবিধি ভঙ্গ হওয়ার আশঙ্কা থাকে। তাই সালাউদ্দিন কাদের চৌধুরীর গাড়ি আটকানো হয়েছে। রাত সাড়ে আটটার দিকে বাকলিয়া পুলিশ তাঁকে ছেড়ে দেয়। এরপর তাঁকে নিয়ে গাড়িটি শহরের দিকে রওনা হয়। আধা কিলোমিটার যাওয়ার পর পুলিশ আবার তাঁর গাড়িটি আটকে দেয়। রাত সাড়ে নয়টার দিকে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক প্রথম আলোকে বলেন, কোতোয়ালি থানায় নির্বাচন কমিশনের করা মামলায় সাকা চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সন্ধ্যায় প্রথম দফায় গাড়ি আটকের পর সালাউদ্দিন কাদের চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তোলা হচ্ছে। আমি তো বাকলিয়ার একটি বাড়িতে দাওয়াত খেয়ে সেখান থেকে বাসায় ফিরছিলাম। এ অবস্থায় আমার গাড়ির পথরোধ করে পুলিশ যা করেছে তা ঠিক হয়নি।’