দর্শকপূর্ণ গ্লোব থিয়েটার, মাঝখানে দাঁড়িয়ে দেখার উঠানেও মানুষে গিজগিজ। নাটক শুরুর আগে পাশে দাঁড়ানো অভিভূত এক বাঙালি বলছিলেন, ‘গ্লোব থিয়েটারে বাংলা ভাষায় সংলাপ উচ্চারিত হবে, বলে কী!’অমর নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের টেম্পেস্ট নাটক তাঁরই স্মৃতিবিজড়িত গ্লোব থিয়েটারে মঞ্চায়ন করল ঢাকা থিয়েটার। তা-ও বাংলা ভাষায়। বাংলাদেশের নাট্যাঙ্গনের জন্য এ এক অনন্য ঘটনা।মঞ্চে তিন স্তরে টানানো বর্ণিল পালতোলা রাজকীয় নৌযানের ছবি। শঙ্খধ্বনিতে প্রকম্পিত মঞ্চে প্রসপেরো মায়াজগতে স্বাগত জানালেন দর্শকদের। মৃদঙ্গের বাদ্যের তালে আরিয়েলের (মঞ্চকুসুম) আহ্বান দর্শকদের নিয়ে চলে কাহিনির আরও গহিনে। নাছোড়বান্দা মেয়ে মিরান্ডার আকুতিতে মিলানের নির্বাসিত ডিউক প্রসপেরো বলে যান কেমন করে সহোদরের চক্রান্তে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয় তাঁদের। প্রসপেরো বলেন, প্রকৃতিই বাবা ও মেয়েকে বাঁচিয়েছে। ঘটনাক্রমে তিনি হয়েছেন জাদুশক্তির অধিকারী।নাটক আপন গতিতে এগিয়ে চলে। ছেলেকে হারিয়ে নেপলসের রাজা এলনসো বিধ্বস্ত। বেঁচে যাওয়া সঙ্গীও তাঁকে মেরে ফেলার চক্রান্ত করে। অন্যদিকে ঝড়ের কবলে পড়ে পানিতে ভেসে প্রসপেরোর দ্বীপে আসে অজানা শত্রুর ছেলে ফার্ডিনান্ড। নানা পরীক্ষার পর শর্ত সাপেক্ষে তাকে দ্বীপে থাকার অনুমতি দেন প্রসপেরো। ফার্ডিনান্ড ও মিরান্ডা একে অপরের প্রতি আকৃষ্ট হয়। এই আকর্ষণ ক্রমে হয়ে পড়ে দুর্নিবার। শেষতক ফার্ডিনান্ডের হাতেই আদরের ধন মিরান্ডাকে তুলে দেন প্রসপেরো। একদিন প্রসপেরো ফিরে পান রাজ্য, শত্রুরা ভুল বুঝতে পেরে অনুশোচনায় ভোগে। ভৃত্য ক্যালিবান রাজা হয় প্রসপেরোর দ্বীপে। তার শঙ্খধ্বনিতে আবারও নড়েচড়ে ওঠে দর্শক। তুমুল করতালির মধ্যে যবনিকাপাত হয়।নাটক শেষ হলে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৃপ্তি আর গর্ব ঝরে পড়ল নির্দেশক নাসির উদ্দীন ইউসুফের কণ্ঠে। বললেন, ‘বাহাত্তর সালে রাস্তায় হেঁটে হেঁটে থিয়েটার শুরু করেছিলাম। আজ মনে হচ্ছে কিছু একটা করতে পেরেছি, আমি গর্বিত। এই প্রাপ্তির ভাগীদার সংশ্লিষ্ট সবাই।’