গ্লোবে ঢাকা থিয়েটারের ‘দ্য টেম্পেস্ট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ ও ৮ মে যুক্তরাজ্যের গ্লোব থিয়েটারে মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটারের নতুন প্রযোজনা ‘দ্য টেম্পেস্ট’। নাটকটির নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ। রুবাইয়াত্ আহমেদ অনূদিত দ্য টেম্পেস্ট নির্দেশনার মাধ্যমে দীর্ঘ সাড়ে চার বছর পর আবার মঞ্চে আসছেন নাসির উদ্দীন ইউসুফ। নাটকটির মঞ্চায়নে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের মণিপুরি নৃত্যধারাকে। এর সঙ্গে রয়েছে বাংলার ঐতিহ্যবাহী নৃত্যের সংশ্লেষ।ঢাকা থিয়েটার সূত্রে জানা গেছে, বাংলা ভাষায় মঞ্চায়নের জন্য গ্লোব থিয়েটার কর্তৃপক্ষ দ্য টেম্পেস্ট নাটকটি নির্ধারণের কারণ হিসেবে নাটকটির কাহিনির প্রতি জোর দিয়েছেন। জাহাজডুবির শিকার হয়ে রাজা ও তার সফরসঙ্গীরা একটি বিচ্ছিন্ন দ্বীপে এসে আশ্রয় নেন। সেখানেই কাহিনির আদি-মধ্য-অন্ত সংঘটিত হয়। ফলে ‘নদীমাতৃক বাংলাদেশ’ বিবেচনা করে দ্য টেম্পেস্টকেই তাঁরা বেছে নেন।এ প্রসঙ্গে নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘ঢাকা থিয়েটার বরাবরই বাংলার ঐতিহ্যবাহী নাট্য আঙ্গিককে তাদের প্রযোজনায় প্রাধান্য দিয়ে থাকে। ১৬১১ সালে শেকসপিয়ার রচিত দ্য টেম্পেস্ট প্রযোজনার সময়টিতেও দলটি এ আদর্শ থেকে বিচ্যুত হয়নি।’দ্য টেম্পেস্ট প্রসঙ্গে নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘আমরা সব সময়ই আমাদের আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্যকে আমাদের নাট্যে সংশ্লিষ্ট করার চেষ্টা করেছি। এবারের নাট্য প্রযোজনায় মণিপুরি নটপালার দুই সদস্যকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি গ্রাম থিয়েটারের একজন সদস্যকেও দলভুক্ত করেছি। এর প্রধান উদ্দেশ্য, ঢাকার বাইরের মেধাবী অভিনয়শিল্পীদেরকে উত্সাহিত করা।’ তিনি আরও বলেন, ‘অন্তরালে থাকা আমাদের ঐতিহ্যবাহী নাট্যধারাকে ঢাকা থিয়েটার সব সময়ই সমকালীনতায় করতে চেষ্টা করে। ইউরোপের নাটক দ্য টেম্পেস্ট প্রযোজনাতেও এই বিষয়ে কোনো আপস করা হয়নি, আদর্শ বিচ্যুত হয়নি ঢাকা থিয়েটার। আমরা মনে করি, শেকসপিয়ারের নাটক মঞ্চায়নে এলিজাবেথিয় ধারা অনুসরণের কোনো প্রয়োজন নেই।’দ্য টেম্পেস্ট নাটকটির সুর, সংগীত ও পোশাক পরিকল্পনা করেছেন শিমূল ইউসুফ। যৌথভাবে কোরিওগ্রাফি করেছেন শিমূল ইউসুফ, নীলমনি সিনহা ও বিধান সিনহা। শিল্প নির্দেশনা দিয়েছেন ঢালী আল মামুন এবং আলোক পরিকল্পনা করেছেন নাসিরুল হক খোকন।যুক্তরাজ্যের গ্লে¬ব থিয়েটারে দ্য টেম্পেস্ট মঞ্চায়ন করার আগে আগামী ২৬ এপ্রিল কারিগরি মঞ্চায়ন এবং ২৭ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মঞ্চে উদ্বোধনী মঞ্চায়ন হবে।দ্য টেম্পেস্টের বিভিন্ন চরিত্র রূপায়ণ করছেন শিমূল ইউসুফ, কামাল বায়েজীদ, শহীদুজ্জামান সেলিম, খায়রুল ইসলাম পাখি, এশা ইউসুফ, চন্দন চৌধুরী, রুবল লোদী, রফিকুল ইসলাম, সামিউন জাহান দোলা, সাজ্জাদ রাজীব, রুবাইয়াত্ আহমেদ, নীলমনি সিনহা ও বিধান সিনহা। মঞ্চসজ্জায় কাজ করছেন ঢালী আল মামুন। মঞ্চ সহযোগী হিসেবে রয়েছেন ওয়াসিম আহমেদ।