গ্ল্যাক্সোকে ৩০০ কোটি ডলার জরিমানা
যুক্তরাজ্যের ওষুধ তৈরির বৃহত্ প্রতিষ্ঠান গ্ল্যাক্সো স্মিথ ক্লেইনকে যুক্তরাষ্ট্রে ৩০০ কোটি ডলার জরিমানা করা হয়েছে। তাদের অপরাধ—দুটো ওষুধ সম্পর্কে তারা মার্কিন নাগরিকদের ভুল তথ্য দিয়েছে। আর এই প্রতারণার জন্যই তাদের এই জরিমানা করে মার্কিন ফেডারেল আদালত। গ্ল্যাক্সো ওই জরিমানা পরিশোধ করতেও রাজি হয়েছে। মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেমস এম. কোল এ খবর জানান। দ্য নিউইয়র্ক টাইমস জানায়, গ্ল্যাক্সো স্মিথ ক্লেইন মানসিক বিষন্নতা লাঘবের জন্য পাক্সিল ও ওয়েলবিউট্রিন এবং ডায়াবেটিসের ওষুধ অ্যাভেন্ডিয়া তৈরি করে। তারা জোর প্রচার চালায় যে, এই দুটো ওষুধ গ্রহণের ফলে ভুক্তভোগীরা উপকার পাবেন। কিন্তু না, ভুক্তভোগীরা এই দুই ওষুধ থেকে কোনো উপকার না পাওয়ায় গ্ল্যাক্সোকে ৩০০ কোটি ডলার জরিমানা করা হয়।নিউইয়র্ক টাইমসের ওই খবরে আরও বলা হয়, এটা কোনো ওষুধ কোম্পানিকে করা সর্বোচ্চ জরিমানা। এর আগে ২০০৯ সালে মার্কিন ওষুধ কোম্পানি ফাইজারকে ২৩০ কোটি ডলার জরিমানা করা হয়েছিল।জেমস এম. কোল আরও বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতারণার হাত থেকে বাঁচানোর জন্যই সরকার এই ব্যবস্থা গ্রহণ করেছে।গ্ল্যাক্সো স্মিথ ক্লেইনের পক্ষ থেকে এ জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।