স্বাধীনতার ৪০ বছরে একটি বড় অর্জন বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি। সত্তরের দশকে যেখানে মানুষের গড় আয়ু ছিল ৪৭ বছর, বর্তমানে সেটি দাঁড়িয়েছে ৬৬ বছরে। সারা পৃথিবীর প্রেক্ষাপটে এ অর্জন অত্যন্ত উল্লেখযোগ্য। এখনো পৃথিবীর অনেক দেশের গড় আয়ু চল্লিশ-পঞ্চাশের কোঠায়। আফ্রিকার অনেক দেশে তার চেয়েও কম। কোনো কোনো দেশে গড় আয়ু বাড়ার পরিবর্তে বরং কমেছে। অথচ বাংলাদেশে স্থিতিশীলভাবে গড় আয়ু বেড়ে গেছে দশকের পর দশক।নানা সংখ্যাতাত্ত্বিক হিসাবের মাধ্যমে একটি দেশের গড় আয়ু নির্ধারণ করা হয়। তবে এটি প্রধানত নির্ভর করে সে দেশের মানুষের মৃত্যুহারের ওপর, বিশেষত শিশু মৃত্যুহারের ওপর। সত্তরের দশকে বাংলাদেশের শিশু ও মাতৃমৃত্যুর হার ছিল পৃথিবীর সর্বোচ্চ কাতারে। তখন শিশুমৃত্যুর হার ছিল হাজারে ২২৯ এবং মাতৃমৃত্যুর হার ছিল হাজারে পাঁচ। অথচ বর্তমানে শিশুমৃত্যুর হার এসে দাঁড়িয়েছে ৬৫-তে এবং মাতৃমৃত্যুর হার ৩-এ। মৃত্যুহারের এই ব্যাপক হ্রাসের কারণেই সম্ভব হয়েছে গড় আয়ুর বৃদ্ধি।লক্ষ করি, ৪০ বছরে বাংলাদেশের রাজনীতির নানা চড়াই-উতরাই ঘটলেও এই সময় জুড়ে দেশের গ্রামীণ স্বাস্থ্যের ব্যাপারে ধারাবাহিক কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বাধীনতার পরপরই প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিটি থানায় একটি স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়, যা পরবর্তীকালে উপজেলা হেলথ কমপ্লেক্স নামে পরিচিতি পায়। এই সিদ্ধান্তের ধারাবাহিকতায় পরবর্তীকালে প্রতিটি ইউনিয়নেও একটি করে স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত হয়। আশির দশকের মধ্যেই দেশের অধিকাংশ উপজেলা ও ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র স্থাপিত হয়। নব্বই দশকের শেষভাগে স্বাস্থ্যসেবাকে জনগণের আরও কাছে নেওয়ার জন্য প্রতি ছয় হাজার মানুষের জন্য গ্রামে একটি করে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়। এসব স্বাস্থ্যকেন্দ্রে নানা সীমাবদ্ধতা থাকলেও জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানোর এত ব্যাপক ব্যবস্থা পৃথিবীর খুব কম দেশেই আছে। সেই সঙ্গে জন্মনিয়ন্ত্রণকে জনপ্রিয় করার জন্য সেই সত্তরের দশক থেকেই প্রচুরসংখ্যক নারী মাঠকর্মী মানুষের বাড়ি বাড়ি গিয়ে জন্মনিয়ন্ত্রণ-সামগ্রী বিতরণ করতে শুরু করেন। জন্মনিয়ন্ত্রণ কর্মসূচি এগোনোর ফলে মাতৃত্বজনিত মৃত্যুও কমেছে। আশির দশকে শুরু হওয়া শিশুদের ব্যাপক টিকা কর্মসূচি ভূমিকা রেখেছে শিশুমৃত্যু রোধেও। আইসিডিডিআরবির যুগান্তকারী খাওয়ার স্যালাইন আবিষ্কার, ব্র্যাকের স্বাস্থ্যসেবিকার দ্বারা ওই স্যালাইন বাড়ি বাড়ি জনপ্রিয় করে তোলা, গণস্বাস্থ্যের জনগণের অংশগ্রহণভিত্তিক স্বাস্থ্যসেবার মডেলও এ দেশে জনস্বাস্থ্যে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। সরকারি, বেসরকারি এসব জনস্বাস্থ্য কর্মসূচির কারণেই দেশের মৃত্যুহার সীমিত হয়েছে। ফলে বেড়েছে দেশের মানুষের গড় আয়ু। তবে এও মনে রাখা প্রয়োজন, এই অর্জন ক্রমেই হুমকির সম্মুখীন হচ্ছে সাম্প্রতিককালের নগরমুখী, মুনাফাকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থার কারণে।শাহাদুজ্জামান: কথাসাহিত্যিক ও জনস্বাস্থ্য গবেষক