গড় আয়ু বেড়ে যাওয়ায় প্রবীণের সংখ্যা বাড়ছে
নোয়াখালীর মোস্তফা চৌধুরী রাজধানীর কারওয়ান বাজার এলাকায় থাকেন ৩৮ বছর। তিনি ওই এলাকায় বসবাস করেন, এ কথা বলা যাবে না। তবে নিজের বাড়ি বা বাসা নেই। অন্যের বাড়িতে ভাড়াও থাকেন না। ‘থাকেন কোথায়?’ চা বিক্রেতা মোস্তফার উত্তর, ‘মার্কেটে থাকি’। আরও কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল, কারওয়ান বাজারের কাঁচাবাজারের পড়ে থাকা জায়গায় তাঁরা রাত কাটান। তিন বেলা হোটেলেই খাওয়া-দাওয়া। মোস্তফা জানালেন, তাঁর চার ছেলে বড় হয়েছে। ছেলেরা নিজের মতো চলে। বিধবা মেয়ে তিন বাচ্চা নিয়ে গ্রামে স্ত্রীর সঙ্গে থাকে। এ মাসে স্ত্রীকে টাকা পাঠিয়েছেন ৮০০। আরও পাঠাতে হবে। নিয়মিত টাকা পাঠাচ্ছেন ঢাকায় আসার পর থেকে।মোস্তফা চৌধুরী প্রবীণ, বয়স ৭৫ বছর। সর্বশেষ আদমশুমারি ও গৃহগণনা বলছে, দেশের মোট জনসংখ্যার ৭ দশমিক ৪ শতাংশ প্রবীণ। অর্থাৎ দেড় কোটির বেশি মানুষ প্রবীণ। তাঁদের বয়স ৬০ বছর বা তার বেশি। জনসংখ্যা বিশেষজ্ঞরা বলছেন, গড় আয়ু বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেশে প্রবীণ মানুষের সংখ্যাও বাড়ছে। তাঁদের মধ্যে মোস্তফার মতো অসহায় প্রবীণের সঠিক সংখ্যা জানা না গেলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন ‘অনেক’।গত বছর প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ু এখন ৬৮ বছর। স্বাধীনতা অর্জনের সময় এ দেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু ছিল ৩৯ দশমিক ৯৩ শতাংশ। ১৯৮০ সালে তা বেড়ে ৫৫ দশমিক ২৪ এবং ১৯৯০ সালে ৬০ বছরে উন্নীত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘গুড হেলথ অ্যাডস লাইফ টু ইয়ারস’ শীর্ষক প্রতিবেদনে বলেছে, প্রবীণ জনসংখ্যার বৃদ্ধি একটি বৈশ্বিক বিষয়, তবে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে তা দ্রুততম সময়ে ঘটছে। সংস্থাটি বলছে, প্রবীণদের বড় অংশ নানা ধরনের প্রতিবন্ধিতার শিকার হয়। নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর প্রবীণদের ৯৪ শতাংশ দৃষ্টি ও ৪৩ শতাংশ শ্রবণ সমস্যায় ভোগেন। তাঁদের একটি বড় অংশ পড়ে গিয়ে গুরুতর আহত হন। অন্য একটি সূত্র বলছে, বিশ্বব্যাপী হূদরোগ, ক্যানসার, ডায়াবেটিস, দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের জটিলতা বেড়ে যাওয়ার কারণ প্রবীণ ব্যক্তিদের সংখ্যা বৃদ্ধি।‘অসুস্থ হলে এই বয়সে আপনাকে কে দেখে?’ মোস্তফার পরিষ্কার উত্তর, ‘ওপরে আল্লা নিচে আমি। আল্লাহ ছাড়া দেখার কেউ নাই।’মোস্তফা চৌধুরীর চেয়ে কিছুটা ভাগ্যবান কক্সবাজার জেলার মহেশখালীর ঠাকুরতলা এলাকার ক্ষেত্র মোহন দে (৭৫)। বেসরকারি প্রতিষ্ঠান রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এলাকার প্রবীণ ব্যক্তিদের সহায়তার লক্ষ্যে গঠিত কমিটির সদস্য তিনি। প্রথম আলোকে তিনি বলেন, প্রবীণ কমিটির সদস্য হিসেবে বিভিন্ন সভা ও সমাবেশে যেতে পারেন। আর রিক থেকে ঋণ নিয়ে পানের বরজ করছেন। রিকের কর্মকর্তারা বলছেন, প্রকল্পের মাধ্যমে ঢাকা, নরসিংদী, মুন্সিগঞ্জ, কক্সবাজার, রংপুর ও পিরোজপুর জেলায় ৭১০টি গ্রামে প্রবীণ ব্যক্তিদের নিয়ে তাঁরা কাজ করছেন। প্রবীণ ব্যক্তিদের সংগঠন গড়ে তোলা, অধিকার ও দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া, মানুষকে প্রবীণ ব্যক্তিদের বিষয়ে সচেতন করা প্রকল্পের প্রধান কাজ।রিকের প্রকল্প সমন্বয়কারী মনিরুল কবির বলেন, প্রবীণ ব্যক্তিরা সংগঠিত হয়ে বয়স্ক ভাতা, বিধবা ভাতা প্রকৃত মানুষ পাচ্ছে কি না তা নিশ্চিত করার চেষ্টা করছেন। পাশাপাশি তাঁরা বিদ্যমান স্বাস্থ্যব্যবস্থা থেকে সেবা পাওয়ারও চেষ্টা করছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রবীণ ব্যক্তিদের একটি বড় সমস্যা একাকিত্ব। পরিবারের অন্য সদস্যদের সময়ের বা সদিচ্ছার অভাবে প্রবীণ ব্যক্তিরা অনেক ক্ষেত্রে একা থাকতে বাধ্য হন। অন্য আর একটি বেসরকারি প্রতিষ্ঠান এলডারলি ইনিশিয়েটিভ ফর ডেভেলপমেন্টের পরামর্শক মো. রুহুল মতিন প্রথম আলোকে বলেন, সপ্তাহে ও মাসে প্রবীণ ব্যক্তিদের একত্র করার কিছু কাজ তাঁরা করছেন। প্রবীণ ব্যক্তিদের সামাজিক ও মানসিক সহায়তার জন্য স্কুলের শিক্ষার্থী ও তরুণ ব্যক্তিদের সচেতন করছেন তাঁরা। মানিকগঞ্জের বেশ কিছু গ্রামে ও ঢাকা শহরে তাঁরা এ কাজ করছেন ১৯৯৫ সাল থেকে। প্রবীণ হিতৈষী সংঘ কয়েক দশক ধরে প্রবীণ জনগোষ্ঠী নিয়ে কাজ করছে। এ ছাড়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমিতি, বয়স্ক শিশু পুনর্বাসন কেন্দ্র, বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সংঘ নামে কিছু সংগঠন কাজ করে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এসব সংগঠন বা সংস্থার সংখ্যা প্রয়োজনের তুলনায় খুবই কম।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এ এস এম আতীকুর রহমান বলেন, প্রবীণ ব্যক্তিদের বিষয়ে দেশে গণঅবগতি, সচেতনতা ও সক্রিয়তার অভাব আছে। তাঁর মতে, দাতারা অর্থ দেয় না বলে বাংলাদেশে প্রবীণ ব্যক্তিদের নিয়ে কাজ করা বেসরকারি সংস্থার সংখ্যা কম। তিনি বলেন, ভালো দিক হচ্ছে বড় রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে প্রবীণ ব্যক্তিদের ব্যাপারে প্রতিশ্রুতি আছে। সরকার যে বয়স্ক ভাতা দিচ্ছে তা অনেক বড় উদ্যোগ। মহেশখালীর ঠাকুরতলা এলাকার শান্তি বালা দের (৭৫) স্বামী পেঠান চন্দ্র দে ১৯৭১ সালে মারা যান। ছেলেমেয়ে নেই। সৎ ছেলের সঙ্গে থাকেন। পাশের গ্রাম থেকে পাইকারি দামে দুধ কিনে নিজের গ্রামে বাড়ি বাড়ি বিক্রি করেন। স্থানীয় প্রবীণ কমিটির সঙ্গে থেকে কী লাভ হয়েছে জানতে চাইলে শান্তি বালা বলেন, প্রবীণ ব্যক্তিদের কেউ ঋণ দিতে চায় না। ওরা ঋণ দিয়েছে। ওই টাকা দিয়ে দুটি গাভি কিনেছেন। তাতে তাঁর সময়ও ভালো কাটছে। কিন্তু কারওয়ান বাজারের মোস্তফা চৌধুরীর মতো প্রবীণ ব্যক্তিদের জন্য কেউ কাজ করে না। তাঁদের থাকার জায়গা নেই, ঠিকানা নেই, নিয়মিত রোজগারও নেই। দেশে মোস্তফার মতো প্রবীণের সংখ্যাই বাড়ছে। [প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন কক্সবাজারের মহেশখালী প্রতিনিধি রুহুল বয়ান]