গড়তে চাই আলোকিত দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এ বছর স্বাধীনতার ৪০তম বার্ষিকী পালিত হবে। এমন সময়ে দেশকে নিয়ে আমরা হতাশ হতে পারি না। আমরা সত্যিকার অর্থে একটি আলোকিত বাংলাদেশ গড়তে চাই। এ জন্য সবাইকে ভালো কাজ করতে হবে। তাই প্রথম আলো বলে, ‘বদলে যাও বদলে দাও’। গতকাল শনিবার প্রথম আলোর এক যুগ পূর্তি উপলক্ষে কুমিল্লায় আয়োজিত সুধী সমাবেশে এ আহ্বান জানান প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।কুমিল্লা টাউন হলে গতকাল সন্ধ্যায় এ অনুষ্ঠানে শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাহিত্যিক, সাংসদ, রাজনৈতিক নেতা, আইনজীবী, ব্যবসায়ী, মানবাধিকারকর্মী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। মতিউর রহমান বলেন, ‘কুমিল্লার কৃতীমান নওয়াব ফয়জুন্নেছা চৌধুরী, শচীন দেব বর্মণ, ওস্তাদ আলাউদ্দিন খাঁ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্তসহ নানা গুণীজন দেশের মুখ উজ্জ্বল করেছেন। আমরা সেই গুণীজনদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাঁদের আদর্শকে লালন করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। একসময় আমরা বলতাম, “যা কিছু ভালো, তার সঙ্গে প্রথম আলো”। এখন বলি, আগে নিজেকে বদলাতে হবে। নিজে বদল হলেই অন্যদের পরিবর্তন হবে। আর এ পরিবর্তনের পেছনে বড় শক্তি হলো “মা”। মা-ই কিশোর আজাদকে মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন। সব ক্ষেত্রে মায়েরই বড় ভূমিকা। তাই আসুন, দেশকে মায়ের মতোই ভালোবাসি।’প্রথম আলোর সম্পাদক আরও বলেন, ‘প্রথম আলো কেবল সংবাদ পরিবেশন করে না। এর বাইরে নানা ধরনের সামাজিক কাজও করে। এর মধ্যে মঙ্গাপীড়িত, শীতার্ত, সিডর, আইলাসহ নানা ধরনের দুর্গত মানুষের পাশে দাঁড়ায়। মাদক ও এসিড-সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করে। সাংবাদিকদের পাশে দাঁড়ায়। কৃতী শিক্ষার্থীদের বৃত্তি দেয়। ভাষা প্রতিযোগ ও গণিত অলিম্পিয়াডের আয়োজন করে। আর এসবই সম্ভব হয়েছে পাঠকদের অকুণ্ঠ সমর্থনের কারণে। প্রথম আলোর পথচলায় কুমিল্লাবাসী সব সময় আমাদের পাশে থাকবে, এমন প্রত্যাশা করি।’ মতিউর রহমান দৃঢ়চিত্তে বলেন, ‘নানা ষড়যন্ত্রের পরও প্রথম আলো এগিয়ে চলছে আপন শক্তিতে। আমরা কারও রক্তচক্ষুকে ভয় পাই না। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন আর সততা নিয়ে প্রথম আলো এগিয়ে চলছে।’এর আগে সন্ধ্যায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে সুধী সমাবেশ শুরু হয়। জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার বশীরুল আনোয়ারের নেতৃত্বে একদল শিল্পী জাতীয় সংগীত পরিবেশন করেন। যুগপূর্তির অনুষ্ঠানে নানা পেশাজীবীর মানুষের ঢল নামে। এ উপলক্ষে টাউন হল আঙিনা নানা সাজে সাজানো হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর কুমিল্লা কার্যালয়ের নিজস্ব প্রতিবেদক গাজীউল হক। অনুষ্ঠানে শিল্পী মাহমুদুজ্জামান বাবু ‘আমি বাংলার গান গাই’, ‘বাংলাদেশ বাংলাদেশ’, ‘জীবন এখনো শেকলে বাঁধা’ গান তিনটি পরিবেশন করেন। এতে গিটারে ছিলেন মৃত্তিকা ব্যান্ডের কিবরিয়া। অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ মো. মুজিবুল হক, সাংসদ আ ক ম বাহাউদ্দিন, প্রবীণ আইনজীবী আহমদ আলী, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুণ্ডু গোপীদাস, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ এম এম শফিউদ্দিন ও সাবেক অধ্যক্ষ আমীর আলী চৌধুরী, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, জেলা পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ মীর কাশেম, সাবেক সাংসদ আমিন উর রশীদ, মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লার কমান্ডার সফিউল আহমেদ, নারীনেত্রী ডা. যোবায়দা হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।