কুষ্টিয়া শহরের উত্তর দিক ঘেঁষে বয়ে চলেছে গড়াই নদ। নদের ওপারে হরিপুর, কয়া ও শিলাইদহ ইউনিয়ন। এ নদের ওপর একটি সেতুর দাবি বহু দিনের। সেতু নির্মাণের ব্যাপারে সরকার নীতিগত সিদ্ধান্তও নিয়েছে। কিন্তু কোথায় হবে, তা নিয়ে চলছে টানাটানি। সেতু নির্মাণকে কেন্দ্র করে বিভক্ত হয়ে পড়েছে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ। এ রকম বিভক্তি রয়েছে আরও অনেক বিষয়ে।খোঁজ নিয়ে জানা গেল, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল হয়েছে ২০০৪ সালে। ২০০৬ সালে কমিটির মেয়াদ পেরিয়ে গেলেও জেলা আওয়ামী লীগ চলছে আগের কমিটি দিয়ে। বর্তমানে তিন ভাগে বিভক্ত কমিটির নেতারা। অভিযোগ উঠেছে, দলের কয়েকজন নেতা পরিচালনা করছেন দলকে। এ জন্য অন্য নেতারা ক্ষুব্ধ ও হতাশ।দুটি কার্যালয়: নাম প্রকাশ না করার শর্তে এক নেতা জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সাংসদ রশিদুজ্জামান দুদু দীর্ঘদিন অসুস্থ থাকায় দল এখন চালাচ্ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী ও সহসভাপতি রবিউল ইসলাম। তাঁদের সঙ্গে আছেন কেন্দ্রীয় কমিটির সদস্য সদর উদ্দিন খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিনুর রহমানসহ অন্য নেতারা। তাঁরা ইচ্ছামতো দল পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে। ফলে ছিটকে পড়েছেন দলের জ্যেষ্ঠ সহসভাপতি ও কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী। মেয়রের সঙ্গে আছেন জেলা কমিটির আরেক সহসভাপতি বদর উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি তোতা, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি মাজহারুল হক। তাই দিন যত যাচ্ছে দলের অভ্যন্তরীণ কোন্দল তত বাড়ছে। তবে রশিদুজ্জামান দুদুর স্ত্রী প্রথম আলোকে বলেন, সাংসদ এলাকায় না গেলেও দলের নেতাদের ঢাকায় ডেকে এনে বিভিন্ন বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত দেওয়া হয়।কুষ্টিয়ার আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, জেলা আওয়ামী লীগের কার্যালয়ও এখন বিভক্ত হয়ে পড়েছে। নেতাদের ব্যক্তিগত কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানই এক একটি অফিসে পরিণত হয়েছে। কমিটির সাধারণ সম্পাদক আজগর আলী শহরের থানাপাড়ায় আইনজীবী আমীর-উল ইসলামের বাড়িতে স্থাপিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বসেন। দলীয় সব অনুষ্ঠান এখানেই হয়। জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও কুষ্টিয়ার পৌর মেয়র আনোয়ার আলী তাঁর সমর্থকদের নিয়ে আলাদা চলেন। তিনি সমর্থকদের নিয়ে আড়ুয়াপাড়ায় জেলা আওয়ামী লীগের আরেক কার্যালয়ে বসেন।এ ব্যাপারে আনোয়ার আলী বলেন, আড়ুয়াপাড়ার কার্যালয়টি জেলা আওয়ামী লীগের কার্যালয়। আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুষ্টিয়া সফরে এসে এ কার্যালয়টি উদ্বোধন করেন।দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ কাউন্সিলে খন্দকার রশিদুজ্জামান দুদু সভাপতি ও আজগর আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নবম সংসদ নির্বাচনের পর থেকেই সাংসদ খন্দকার রশিদুজ্জামান দুদু অসুস্থ হয়ে পড়েন। আড়াই বছরে মাত্র দুবার তিনি কুষ্টিয়ায় এসেছেন। অসুস্থতার কথা বলে ফোনে কথা বলেন না। তাঁর পক্ষে সব কিছু দেখভাল করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী ও সহসভাপতি রবিউল ইসলাম। বলতে গেলে এ দুই নেতাই এখন জেলা আওয়ামী লীগের সবকিছু। স্থানীয় তিন সাংসদ ও গুরুত্বপূর্ণ অনেক নেতাকে বাদ রেখে এ দুই নেতাই দল পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে।জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহাসভাপতি মেয়র আনোয়ার আলীর সঙ্গে মতানৈক্যের কারণে তিনি আলাদা চলেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘ত্যাগী নেতারা দলে আর নেই। আমাদের এখন আর দরকার নেই। যারা টেন্ডারবাজ, যারা সুবিধাবাদী, তারাই এখন দলের সবকিছু।’কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বাচিপ নেতা আমিনুল হক বলেন, কিছু সুবিধাবাদী নেতার কারণে দলের মধ্যে সংঘাত তৈরি হচ্ছে। দলের সভাপতিসহ বেশ কয়েকজন পদে থাকা নেতা বিভিন্ন জায়গায় চলে গেছেন। সার্বিকভাবে বলা যায়, দলের কর্মকাণ্ড একেবারেই নেই। দল যেভাবে চলছে তাতে জনগণের আশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ। যার কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ক্ষোভের সঙ্গে বলেন, ‘দল পরিচালনা করছেন কয়েকজন নেতা। তাঁদের কাছে দল জিম্মি থাকতে পারে না। তাঁরা সাংগঠনিক কাজ না করে টাকাপয়সা কামানোয় ব্যস্ত। সম্প্রতি ঢাকা থেকে দলের শীর্ষনেতারা কুষ্টিয়ায় এসেছিলেন। সেখানে মাত্র দুই হাজারের মতো নেতা-কর্মীর সমাবেশ হয়েছিল। এতে তাঁদের অপমান করা হয়েছিল বলে মনে করছি।’তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জেলা আওয়ামী লীগে কোনো বিভেদ নেই। নির্বাচনের আগে দেওয়া সব ওয়াদা বাস্তবায়ন করতে আমরা কাজ করে যাচ্ছি।’এ প্রসঙ্গে সহসভাপতি রবিউল ইসলাম বলেন, ‘কুষ্টিয়ায় উন্নয়নকাজ করা সহজ নয়। এখানে আওয়ামী লীগই আওয়ামী লীগের শত্রু। তারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে নানা কথা বলে বেড়ায়।’হরিপুর সেতু: বর্তমান সরকারের নির্বাচনী ওয়াদা ছিল কুষ্টিয়া-হরিপুর সেতু। এ সেতু নিয়ে এক পক্ষে আছেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, খোকসা উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খানসহ জেলার কয়েকজন শীর্ষস্থানীয় নেতা। তাঁদের দাবি, গড়াই নদের জিকে ঘাট এলাকায় সেতু নির্মাণ করা হোক। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দলের সহাসভাপতি রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, ১৮ আগস্ট হরিপুর সেতুর পুনর্দরপত্র আহ্বান করা হবে।অপর পক্ষে আছেন কুষ্টিয়া-৪ আসনের সাংসদ সুলতানা তরুণ ও আওয়ামী লীগের নেতা কুমারখালী উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ। তাঁরা চান গড়াই নদের বড় বাজার এলাকার ঘোড়াঘাটে রবীন্দ্র সেতু নির্মাণ করা হোক। তবে এলাকার লোকজন জানিয়েছেন, জিকে ঘাটে সেতু নির্মিত হলে খরচ বাড়বে। এর বদলে ঘোড়াঘাট বা এর আশপাশে সেতু নির্মিত হলে বেশি মানুষের সুবিধা যেমন হবে, তেমনি খরচও কমে যাবে। এ ব্যাপারে সাংসদ সুলতানা তরুণ বলেন, ঘোড়াঘাটে সেতু নির্মিত হলে রবীন্দ্র স্মৃতিবিজড়িত শিলাইদহ, কয়া, চর সাদিপুরসহ আরও কয়েকটি ইউনিয়নের সঙ্গে যোগাযোগব্যবস্থা সহজ হবে।তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রথম আলোকে জানান, বিএনপি-জামায়াতের কর্মসূচি বাস্তবায়নে একটি পক্ষ মাঠে নেমেছে। যারা সেতু নিয়ে হইচই করছে, তারা মহাজোট সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।ইসলামিয়া কলেজ: কুষ্টিয়া শহরের অনেক পুরোনো কলেজ এটি। সাংসদ রশিদুজ্জামান এই কলেজের সভাপতি। শহরের প্রধান সড়ক এন এস রোড থেকে খুব সহজেই কলেজের ভেতরের সব কিছু দেখা যেত। অনেক পুরোনো এই কলেজটি এখন বড় বড় উঁচু পাকা মার্কেটের ছায়ায় ঢাকা পড়ে গেছে। দিনের বেলা শ্রেণীকক্ষে আলো জ্বালাতে হয়। খোঁজ নিয়ে জানা যায়, সাংসদ অসুস্থ থাকায় কমিটির আরেক সদস্য এ টি এম রুহুল আজম ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে আছেন। অভিযোগ রয়েছে, তিনিই মূলত কলেজের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে যাবতীয় মার্কেট নির্মাণে প্রত্যক্ষভাবে জড়িত। এ ব্যাপারে তিনি সাংসদ রশীদুজ্জামানের স্ত্রীর সঙ্গে যোগযোগ রাখেন। এসব নিয়েও দলের ভেতরে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এক পক্ষের নেতারা মনে করছেন, কলেজ থেকে সাংসদের ঘনিষ্ঠ পক্ষ বিপুল পরিমাণ আর্থিক সুবিধা নিচ্ছে। কলেজ পরিচালনা পর্ষদের সদস্য জেলা জাসদের সভাপতি গোলাম মহাসিন প্রথম আলোকে জানান, কলেজের দোকান বিক্রির কোটি টাকার কোনো হিসাব নেই। এ খাতে কোটি কোটি টাকা বেহাত হয়ে গেছে। তা ছাড়া কুমারখালী থানা বিএনপির যুগ্ম সম্পাদক নবাব আলী খানকে কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়ে স্থানীয় সাংসদের স্ত্রী সুবিধা নিয়েছেন। এখন আরও মার্কেট নির্মাণের জন্য সামনের সরকারি জায়গা নেওয়ার চেষ্টা করা হচ্ছে।একাধিক সূত্র জানায়, কলেজের দোকান বিক্রির টাকার ভাগবাটোয়ারা নিয়ে দলের নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। সদরের সাংসদ অসুস্থ থাকায় তাঁর স্ত্রী এসব নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ রয়েছে।তবে সাংসদ রশিদুজ্জামান দুদুর স্ত্রী প্রথম আলোকে বলেন, কলেজের ব্যাপারে সাংসদ বা তিনি কিছুই জানেন না। দেড় বছর তিনি এলাকায় যাননি। কারা এসব নিয়ন্ত্রণ করেন, তাও জানেন না।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী জানান, মার্কেট নির্মাণ করার ফলে কলেজের আলো-বাতাস বন্ধ হয়ে গেছে। ছাত্রদের খোলামেলা পরিবেশ খুব দরকার।