মাদক বেচা-কেনার এলাকা হিসেবে পরিচিত যশোর শহরের শংকরপুর এলাকা। ওই এলাকার চোবদারপাড়া সড়কের একটি দোকানে গাঁজা বিক্রি করতেন রবিউল ইসলাম ওরফে মুন্না। তাঁকে সহযোগিতা করতেন নূর আলম ও আশিক। কয়েক মাস ধরে রবিউল মাদক ব্যবসা ছেড়েছেন। ওই দোকানে মুদির ব্যবসা করতে ইতিমধ্যে তিনি পণ্য রাখার তাক বানিয়েছেন। তাঁর সহযোগী নূর আলম চালাচ্ছেন ব্যাটারিচালিত ইজি বাইক। আশিক চালাচ্ছেন রিকশা। শহরের মনিহার এলাকার পশ্চিম গলিতে ফেনসিডিল ও বিদেশি মদ বিক্রি করতেন শহিদুল ইসলাম। মাদকের মামলায় সাত মাস আগে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন তিনি। এলাকাবাসীর চাপে তিনি আর মাদকের ব্যবসায় জড়াননি। ছেলেমেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনিও এখন ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।যশোর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আহমেদ বলেন, ‘রবিউল, শহিদুলের মতো অন্তত ১৫ জন মাদক ব্যবসা ও সেবন ছেড়ে তিন মাস ধরে ইজি বাইক চালাচ্ছেন নয়তো কাঁচামালের ব্যবসা করছেন।’ তাদের মাদক ও মাদকের ব্যবসা ছাড়ার অন্যতম প্রধান কারণ, শহরের শংকরপুর, বারান্দি মোল্লাপাড়া ও আশ্রম এলাকায় দল-মত-নির্বিশেষে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে উঠেছে। আর এই আন্দোলন চালিয়ে যাচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অনির্বাণ সংসদ, পৌরসভার কয়েকজন কাউন্সিলর ও স্থানীয় সুধী সমাজ। আর তাদের সহযোগিতা করছে পুলিশ প্রশাসন। সম্প্রতি জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, শুধু প্রশাসন দিয়ে মাদক বিক্রি ও সেবন বন্ধ করা যাবে না, এ জন্য জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।গড়ে উঠেছে আন্দোলন: সম্প্রতি শংকরপুর এলাকায় গেলে স্থানীয় ব্যক্তিরা জানান, এলাকার কলাবাগান বস্তি, হারান বস্তি, রেললাইন বস্তিসহ আনসার-ভিডিপির ক্যাম্পের পেছনে ও কবরস্থানের আশপাশের বিভিন্ন মোড়ে গাঁজা, হেরোইন ও ফেনসিডিলের হাট বসত। প্রতিদিন ২৫০ থেকে ৩০০ মোটরসাইকেলে করে উঠতি যুবকেরা মাদক নিতে এসব এলাকায় যেত। সামাজিক আন্দোলনের কারণে এখন ওই এলাকায় মাদক বিক্রি ও সেবন অনেকটাই কমেছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য জিল্লুর রহমান জানান, গত ২৪ সেপ্টেম্বর বিকেলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের উপস্থিতিতে শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদকবিরোধী সমাবেশ হয়। সমাবেশে ওসি স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বলেন, ‘আপনারা ঐক্যবদ্ধ হন। মাদক ব্যবসায়ীদের ধরেন। তাঁদের হাড়-গোড় ভেঙে দেন। মাদকসেবী ও বিক্রেতাদের অভিভাবকেরা যদি সহযোগিতা না করে, তাহলে তাদেরও এলাকা থেকে উচ্ছেদ করেন। পুলিশ আপনাদের সহযোগিতা করবে।’এরপর থেকে প্রায় প্রতি শুক্রবার বিকেলে বিদ্যালয়ের মাঠে মাদকবিরোধী সমাবেশ শেষে মিছিল নিয়ে মাদক ব্যবসায়ীদের বাড়ি বাড়ি গিয়ে মাদক ব্যবসা বন্ধ করতে বলা হয়। আর এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন শংকরপুর এলাকার পৌর কাউন্সিলর আবু শাহজালাল মোনতাজ, আইনজীবী শাহরিয়ার বাবু, স্থানীয় বাসিন্দা ইয়াছিন তরফদার, গোলাম মোস্তফা, মেহেদি উর রহমানসহ স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনীতিকেরা।সুস্থ জীবনে তাঁরা: শংকরপুর এলাকায় গেলে রবিউল ইসলাম বলেন, ‘আট থেকে নয় বছর গাঁজা বিক্রি করেছি। কয়েক বছর আগে এক এসপি (পুলিশ সুপার) সাহেবের পুনর্বাসনের আশ্বাসে মাদক ব্যবসা ছেড়েছিলাম। তখন পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা হয়নি। বাধ্য হয়ে আবার মাদক ব্যবসায় ফিরতে হয়। এবার সামাজিকভাবে সবাই খুব চাপ দেওয়ায় গাঁজা বিক্রি ছেড়ে দিয়েছি। এখন মুদি দোকানে মালামাল তুলে সৎভাবে ব্যবসা করব। সহযোগীদেরও অন্য কাজ করতে বলেছি।’যোগাযোগ করা হলে মনিহারের শহিদুল ইসলাম বলেন, ‘ছেলেমেয়ে ও সামাজিক চাপে মাদকের ব্যবসা ছেড়ে এখন খুব শান্তিতে আছি। সৎপথে রোজগার করতে ইজি বাইক চালাচ্ছি।’আন্দোলনের নেপথ্যে থাকা ব্যক্তিদের ভাষ্য: অনির্বাণ সংসদের সভাপতি আফজালুল করিম প্রথম আলোকে বলেন, ‘সামাজিক চাপের কারণে শংকরপুরে আগের মতো কেউ প্রকাশ্যে মাদক বেচাকেনা ও সেবন করতে পারছে না। মিছিল-সমাবেশ করে জনমত গঠন করে মাদকসেবীদের মাদক ছাড়তে বাধ্য করা হচ্ছে।’শহিদুল প্রসঙ্গে কাউন্সিলর আইরিন পারভীন বলেন, ‘মনিহারের শহিদুল ছিল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। জেল থেকে বের হওয়ার পর তাঁকে ব্যবসা বন্ধ করতে বলা হয়। এরপর তাঁর বেয়াই (ছেলের শ্বশুর) তাঁকে একটি ইজি বাইক কিনে দেন।’ আগেও আন্দোলন ছিল: জানা গেছে, ২০০৪ সালে তৎকালীন পুলিশ সুপার আবদুর রউফের পৃষ্ঠপোষকতায় শহরের আশ্রম মোড় এলাকায় আবু নঈমকে সভাপতি ও ফারুক আহমেদকে সাধারণ সম্পাদক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নামে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। ওই কমিটির নেতা ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, ‘আশ্রম মোড়, সরকারি মুরগির খামার ও রেললাইন বস্তিকে ঘিরে মাদক বেচাকেনা ও সেবন হতো। কমিটি গঠনের পর কেউ মাদক সেবন ও বিক্রি করলে মারধর করে পুলিশে দেওয়া হতো। ওই সময় মাদক আইনে ১০ থেকে ১২টি মামলায় ১২ থেকে ১৫ জনকে আসামি করা হয়। সেসব মামলায় তিনি নিজেই সাক্ষী ছিলেন। নিজে বাদী হয়েও একটি মামলা করেছেন। ২০০৮ সাল পর্যন্ত ওই এলাকায় মাদক নির্মূল হয়ে যায়। কিন্তু এসপি আবদুর রউফ বদলি হওয়ার পর চাঁচড়া ফাঁড়ির এক হাবিলদার বস্তিতে গিয়ে টাকা নিয়ে মাদক ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতেন। এসব দেখে পরে হাল ছেড়ে দিই।’ কর্মকর্তারা যা বলেন: নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যাতে মাদক সেবন না করে সে জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদকবিরোধী কমিটি করছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অধিদপ্তরের যশোরের উপপরিচালক হাফিজুর রহমান বলেন, মাদকদ্রব্য প্রতিরোধে ইতিমধ্যে জেলার দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি করা হয়েছে। পরে আরও কর্মসূচি নেওয়া হবে। যোগাযোগ করা হলে সহকারী পুলিশ সুপার (ক-সার্কেল) এস এম শফিউল্লাহ বলেন, ‘শুনেছি শংকরপুর, বারান্দি মোল্লাপাড়া এলাকাসহ বেশ কিছু এলাকায় মাদক বন্ধে সামাজিকভাবে প্রতিরোধ করা হচ্ছে। এ ছাড়া আমরা যশোর শহরকে আট থেকে ১০টি ভাগে ভাগ করে অভিযানে নামার পরিকল্পনা নিয়েছি। ওই অভিযানে মাদক সম্পর্কে জনগণকে সচেতন করা হবে এবং মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের গ্রেপ্তার করা হবে।’