সংখ্যার হিসাব করলে দেশের একমাত্র মাদক পরীক্ষাগারটিতে প্রতি চার মিনিটে একটি করে মাদকের নমুনা পরীক্ষা করা হচ্ছে। অথচ কখনো কখনো একটি সন্দেহভাজন হেরোইনের নমুনা পরীক্ষা করতেই দুই থেকে তিন ঘণ্টা লাগতে পারে। গাঁজা পরীক্ষা করতে সময় লাগে অন্তত আধা ঘণ্টা। এ অবস্থার কারণ, পরীক্ষার সব কাজ করতে হয় কার্যত একজন মাত্র কর্মচারীকে। জনবলের সমস্যা ছাড়াও মাদকদ্রব্যের পরীক্ষার ক্ষেত্রে আরেকটি প্রতিবন্ধক হচ্ছে যন্ত্রের অভাব। এ পরিস্থিতিতে এখানকার পরীক্ষা প্রতিবেদনগুলোর নির্ভরযোগ্যতা রীতিমতো প্রশ্নবিদ্ধ। অথচ বিশেষ করে মাদকদ্রব্য-সংক্রান্ত মামলার তদন্ত ও বিচারে এগুলো খুবই গুরুত্বপূর্ণ।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৫০(১) ধারা অনুযায়ী মাদকদ্রব্য পরীক্ষার জন্য দেশে ২০০০ সালে একটি কেন্দ্রীয় রাসায়নিক পরীক্ষাগার স্থাপন করা হয়। রাজধানীর গেন্ডারিয়ার ডিস্টিলারি সড়কে স্থাপিত হয় এটি। দেশে এখন পর্যন্ত এটি এ ধরনের একমাত্র প্রতিষ্ঠান। মাদক নিয়ন্ত্রণ আইনের ৫০(২) ও (৩) ধারায় বলা হয়েছে, মাদকদ্রব্য বা মাদকদ্রব্যের কোনো উপাদানের রাসায়নিক পরীক্ষার জন্য তা এই আইনের অধীনে স্থাপিত রাসায়নিক পরীক্ষাগারেই পাঠাতে হবে। রাসায়নিক পরীক্ষকের স্বাক্ষরসহ প্রতিবেদন এই আইনের অধীন কোনো মামলার তদন্ত, বিচার বা অন্য কোনো কার্যক্রমে সাক্ষ্যপ্রমাণ হিসেবে ব্যবহূত হবে। আইনি বাধ্যবাধকতার কারণে নমুনা পাওয়ার সাত দিনের মধ্যেই প্রতিবেদন দিতে হয়।বিচারপ্রক্রিয়ায় এত গুরুত্ব থাকা সত্ত্বেও মাদকদ্রব্য পরীক্ষাগারটি স্পষ্টতই অবহেলার শিকার। বেশ কিছু যন্ত্রপাতি বিকল পড়ে রয়েছে। নানা কারণে চারজন রাসায়নিক পরীক্ষকের মধ্যে কাজ করছেন মাত্র একজন। এ অবস্থায় সামলাতে হচ্ছে বিপুলসংখ্যক পরীক্ষার চাপ। এ কারণে পরীক্ষার মান ও ফল নিয়ে থেকে যাচ্ছে সন্দেহ।চার মিনিটে একটি নমুনা: সারা দেশের পুলিশ, র্যাব, বিজিবি, কাস্টমস, কোস্টগার্ড, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ অন্য যেকোনো সংস্থা মাদকদ্রব্য বা সন্দেহভাজন মাদক উদ্ধার করার পর সংশ্লিষ্ট থানায় মামলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উদ্ধার হওয়া মাদকের নমুনা এই পরীক্ষাগারে পাঠান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী গত বছর ২৯ হাজার ৬২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে এ পরীক্ষাগারে। চলতি বছরের এপ্রিল পর্যন্ত চার মাসেই ১০ হাজার ৫৮২টি নমুনা পরীক্ষা করা হয়। সেই হিসেবে এ বছর নমুনা পরীক্ষার সংখ্যা ৩১ হাজার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হিসেব কষে দেখা গেছে, সাপ্তাহিক ও সরকারি ছুটি বাদ দিয়ে এক বছরে প্রায় দুই হাজার কর্মঘণ্টা (মধ্যাহ্নবিরতি বাদে) থাকে। এই পুরোটা সময় ধরেও যদি প্রায় ৩০ হাজার নমুনার পরীক্ষা করা হয়, তাতে প্রতি ঘণ্টায় ১৫টি করে পরীক্ষা করতে হয়। অর্থাৎ চার মিনিটে একটি। জনবল ও কারিগরি উভয় দিক থেকেই যা অসম্ভব।যন্ত্র নেই: কর্মকর্তারা বলেছেন, ২০০০ সালে প্রায় আড়াই কোটি টাকায় এই পরীক্ষাগারটি স্থাপন করা হয়। অর্ধেক টাকা দিয়ে ভবন আর বাকি অর্ধেক দিয়ে কিছু উন্নত যন্ত্রপাতি কেনা হয়। কিন্তু যন্ত্রগুলো ব্যবহার করা হয়নি। পড়ে থেকেই বিকল হয়েছে সবগুলো। এর মধ্যে রয়েছে গ্যাস ক্রোমাটোগ্রাফি (জিসি), হাইপ্রেশার লিকুইড ক্রোমাটোগ্রাফি (এইচপিএলসি), ইনফ্রা রেড স্পেকট্রো ফটোমিটার, ইউভি স্পেকট্রো ফটোমিটার ইত্যাদি। নতুন করে এসব মূল্যবান যন্ত্র কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। যন্ত্রগুলো ব্যবহারকারী কর্মকর্তারা বলেছেন, এগুলো চালানোর জন্য কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি। তাই পড়েই ছিল শেষ পর্যন্ত। তবে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার মতে, ‘ওগুলো তাঁদের খোঁড়া যুক্তি। সরকারি যেকোনো ক্রয়েই যন্ত্রের সঙ্গে তা চালানোর কৌশলও শেখানোর চুক্তি থাকে। এখানেও তার ব্যতিক্রম হওয়ার কথা নয়।’যেভাবে পরীক্ষা চলছে: প্রয়োজনীয় যন্ত্র না থাকায় বর্তমানে হাতে রাসায়নিক মিশ্রণ তৈরির মাধ্যমে পরীক্ষা করা হয়। একটি নমুনা পরীক্ষার জন্য বিভিন্ন রাসায়নিক পদার্থের একটি মিশ্রণ তৈরি করা হয়। নমুনায় মাদকের উপাদান থাকলে ওই মিশ্রণ নির্দিষ্ট রং বা বৈশিষ্ট্য ধারণ করবে। এই পদ্ধতিতে হেরোইন পরীক্ষার মিশ্রণ তৈরি করতে সময় লাগে দুই থেকে তিন ঘণ্টা। তবে এক মিশ্রণে একসঙ্গে ১০-১২টি নমুনা পরীক্ষা করা যায়। এভাবে গাঁজার নমুনা পরীক্ষা করতে প্রায় আধা ঘণ্টা, চোলাই মদের ১০ থেকে ১৫ মিনিট, ইয়াবার জন্য পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে। তা হলে এত নমুনা কীভাবে একজন মাত্র কর্মচারী পরীক্ষা করতে পারেন, এই প্রশ্নের জবাব দিতে পারেননি সংশ্লিষ্ট কেউ। সীমাবদ্ধতা: পরীক্ষাগারটির কাজের পদ্ধতির আরেকটি সীমাবদ্ধতা রয়েছে। এখানে পাঠানো মাদকগুলোতে শুধু একটি নির্দিষ্ট উপাদানের অস্তিত্ব খোঁজা হয়। নমুনায় ওই উপাদান থাকলেই কেবল প্রতিবেদন ‘হ্যাঁ’বোধক হয়, অর্থাৎ সেটি মাদক বলে বিবেচিত। যেমন, ফেনসিডিল বলে সন্দেহ হওয়া তরলের নমুনায় শুধু ‘কোডেইন’ খোঁজা হয়। সন্দেহভাজন ইয়াবা বড়ির নমুনায় খোঁজা হয় ‘মিথাইল এমফিটামিন’। কিন্তু এগুলোতে অন্য মাদক উপাদান থাকলে তা এ পদ্ধতির পরীক্ষায় ধরা পড়বে না। প্রতিবেদন হবে নেতিবাচক। এ ছাড়া এভাবে পরীক্ষা করে নমুনায় মাদকের শতকরা মাত্রাও জানা যায় না। অথচ মাদক আইনে মাদকের পরিমাণ ও মাত্রার ওপর নির্ভর করে শাস্তির মাত্রা। এ কারণে অনেক মামলা দুর্বল হয়ে যায়।লোকবলের হাল: রাসায়নিক পরীক্ষাগারের প্রধান পরীক্ষক (চলতি দায়িত্ব) দুলাল কৃষ্ণ সাহা প্রথম আলোকে বলেন, এই পরীক্ষাগারে তিনিসহ চারজন রাসায়নিক পরীক্ষক রয়েছেন। এঁদের একজন এখন প্রেষণে র্যাবে কর্মরত। একজন অসুস্থতার কারণে প্রায় ছয় মাস কার্যালয়ে আসছেন না। আর তিনি নিজে প্রশাসনিক কাজ নিয়ে ব্যস্ত থাকায় পরীক্ষা করতে পারেন না। সব পরীক্ষার কাজ করতে হয় একমাত্র রাসায়নিক পরীক্ষক আবুল হোসেনকে। পরীক্ষাগারে পরীক্ষক ছাড়া অন্য কর্মী আছেন আটজন। মাদকের নমুনা গ্রহণ, পরীক্ষার পর প্রতিবেদন তৈরি, ডাকে পাঠানো ও এর অনুলিপি সংরক্ষণের মতো প্রশাসনিক কাজের দায়িত্ব পালন করে থাকেন তাঁরা। তবে সম্প্রতি একদিন সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিবেদন তৈরির কাজ করছেন একজন ‘ওয়্যারলেস অপারেটর’সহ দুজন কর্মী। প্রধান রাসায়নিক পরীক্ষক দুলাল কৃষ্ণ সাহা ও কর্মরত একমাত্র রাসায়নিক পরীক্ষক আবুল হোসেন নিজ নিজ কক্ষে ছিলেন। পরীক্ষাগারের ভেতরে ‘সাধারণের ঢোকা নিষেধ’ বলে সেখানে ঠিক কী প্রক্রিয়ায় কাজ হয়, তা এ প্রতিবেদক নিজ চোখে দেখতে পারেননি।এসব বিষয় নিয়ে জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ইকবাল বলেন, ‘এখানে অপর্যাপ্ত জনবলের বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হয়েছে। ঢাকার বাইরে সিলেটে আরেকটি পরীক্ষাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।’