গড়ে তুলুন কাঠের আসবাব-ব্যবসা
রংপুরের কামালকাছনার সরোয়ার রহমান লেখাপড়া শেষ করে ‘কিছু একটা করা দরকার’—এমন তাগিদ অনুভব করছিলেন। কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করেও যখন আর চাকরি নামের সোনার হরিণ ধরতে পারছিলেন না, তখন অনেকটা হতাশই হয়ে পড়েছিলেন। অবশেষে এক বন্ধুর পরামর্শে ২০০৯ সালে রংপুর শহরের উপকণ্ঠেই শুরু করেন কাঠের আসবাব তৈরি ও বিক্রির ব্যবসা। কিছুদিনের মধ্যেই সরোয়ার বুঝতে পারলেন, তাঁর দোকানে বেচা-বিক্রি ভালোই হচ্ছে। এতে তাঁর চাকরি না পাওয়ার আক্ষেপটাও দিন দিন প্রশমিত হতে থাকল, কাজে মনোযোগও বাড়ল। বদৌলতে বছর তিনেকের মধ্যেই চার লাখ টাকার পুঁজি ১০ লাখ টাকা ছাড়িয়ে গেছে। সুতরাং, যাঁরা যেকোনো কারণেই হোক চাকরি পাচ্ছেন না কিংবা ব্যবসায়ের কোনো পথ বা উপায় খুঁজছেন, তাঁরা রংপুরের সরোয়ারের মতো বুদ্ধি খাটিয়ে সুবিধামতো জায়গায় নেমে যেতে পারেন আসবাবের ক্ষুদ্র কিংবা মাঝারি ধরনের ব্যবসায়।কারণ দেশে আবাসন বাড়ার সুবাদে দিন দিন আসবাবপত্রের চাহিদাও বাড়ছে। শুরু করবেন যেভাবেএই ব্যবসায়ের জন্য দরকার আসবাব তৈরি করার একটি রুম ও একটি দোকান বা শোরুম, তা আকারে বড় হোক আর ছোট হোক। আসবাবে নকশা করতে ও এতে মসৃণতা আনতে অটোমেশিন কিনতে হবে। এ জন্য অবশ্য আপনাকে খুব বেশি টাকা খরচ করতে হবে না। শোরুম বা দোকান থেকে আসবাব তৈরির রুম দূরে হলেও সমস্যা নেই। আজকাল কাজ করার ভালো ক্ষেত্র না পেয়ে কাঠমিস্ত্রিদের অনেকেই অন্য পেশার সঙ্গে যুক্ত হচ্ছেন। আপনি চাইলেই এসব মিস্ত্রি বা কাঠের কারিগরদের আপনার কাজে লাগাতে পারেন। যাঁরা মাসিক অথবা দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করবেন আপনার প্রতিষ্ঠানে। কাঁচামাল সংগ্রহকাঠের আসবাব তৈরির ব্যবসায় কাঁচামাল বলতে কাঠই প্রধান। সে জন্য যেখানে কাঠের সরবরাহ ভালো এবংদামও অপেক্ষাকৃত কম সেখানে এই ব্যবসা করা তুলনামূলক সহজ। এমনটি জানালেন খুলনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সাফা সিয়াম উডের স্বত্বাধিকারী আল-মামুনুর রশিদ। যাঁদের ব্যবসা ছোট তাঁদের আশপাশের বা নিকটস্থ কোনো স-মিল (করাতকল) থেকেই তা সংগ্রহ করতে হবে। এ প্রসঙ্গে ঢাকার মোহাম্মদপুরের শেরশাহ সুরি রোডের আসবাবের ব্যবসায়ী মোহাম্মদ আনারুল কাদির জানান, ব্যবসার পরিসর যাঁদের অনেক বড়, তাঁরা সরাসরি বিভিন্ন এলাকা থেকে কাঠ সংগ্রহ করে অথবা সরকারি-বেসরকারি যেকোনো দরপত্রে অংশ নিয়েও কাঠ সংগ্রহ করতে পারেন। রং ও অন্যান্য দরকারি জিনিস স্থানীয় বাজার থেকেই কেনা যায়। মূলধন লাগবে কেমন? কাঁচামালের সহজলভ্যতা, ব্যবসার স্থান ও পরিসর অনুযায়ী মূলধনের পরিমাণ কম-বেশি হতে পারে। ঢাকার বাইরে এ ধরনের একটি ব্যবসা শুরু করা যত সহজ, ঢাকায় হয়তো তত সহজ নয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, স্থানভেদে দুই থেকে পাঁচ লাখ টাকা লাগে এই ব্যবসা শুরু করতে। গাইবান্ধার খুকুমণি এন্টারপ্রাইজের কর্ণধার মোহাম্মদ লিটন কুশারী বলেন, ‘আজ থেকে অনেক বছর আগে মাত্র চার হাজার ৬০০ টাকা নিয়ে আমি এই ব্যবসা শুরু করি। আজ আমার ব্যবসার পরিসর যেমন বেড়েছে, তেমনি বেড়েছে মূলধনের পরিমাণও। তবে বর্তমানে এই ব্যবসায় আসতে হলে চার থেকে ছয় লাখ টাকা মূলধন হলে ভালো হয়।’ বরিশাল গৌরনদী বন্দর সড়কের আসবাব ব্যবসায়ী মেসার্স আজাদ ফর্নিচারের মালিক মোহাম্মদ আলাউদ্দিন জানান, পাঁচ লাখ টাকা পুঁজি বিনিয়োগ করে তিনি আসবাবের ব্যবসা শুরু করেন। কেউ ইচ্ছে করলে কোটি টাকার পুঁজি নিয়েও এই ব্যবসা করতে পারেন।কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিমনে রাখতে হবে, সৃজনশীল এ ব্যবসায় নামলে আপনার নিজের পাশাপাশি আরও কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আয়ের পরিমাণএই ব্যবসায় আয় ও লাভের পরিমাণ অবশ্য নির্ভর করে ব্যবসায়ের স্থান, পরিসর ও বিক্রির ওপর। ছোট আকারের ব্যবসায় প্রাথমিক পর্যায়ে মাসে সাধারণত ২০ থেকে ২৫ হাজার টাকা আয় করা সম্ভব বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা। এর কম-বেশিও হতে পারে। শুরুতে আয়ের পরিমাণ কম হলেও দিন দিন তা বাড়ে। খুলনার আসবাব ব্যবসায়ী আল-মামুনুর রশিদ জানান, যে মাসে বেচা-বিক্রি বেশি হয়, সে মাসে লাভের পরিমাণও বেশি হয়। তবে বেচা-বিক্রি অবশ্য ওঠানামা করে। চট্টগ্রাম আগ্রাবাদের হাজীপাড়ার ‘চৈতালী ফার্নিচারের’ স্বত্বাধিকারী সাইদুর রহমান জানান, কয়েক বছর আগে দুই লাখ টাকা নিয়ে তিনি আসবাবের ব্যবসা শুরু করেন। ব্যবসা বেড়ে এখন প্রতি মাসে তাঁর দোকানে তিন থেকে চার লাখ টাকার আসবাব বিক্রি হয়। এই ব্যবসায় শতকরা ১০ থেকে ১৫ ভাগ লাভ হয় বলে তিনি জানান। ময়মনসিংহের ভালুকার আরব আলী ১৯৯৮ সালে মাত্র ৮০ হাজার টাকা পুঁজি নিয়ে আসবাবপত্রের ব্যবসা শুরু করেন। তখন ব্যবসায়ের পরিসর ছোট থাকলেও তা এখন অনেক বড়। ‘আরব আলী ফার্নিচার মার্ট’ নামের তাঁর এই দোকান দিয়েই তিনি বাড়ি করেছেন বলে জানান।