গয়নার দোকান উদ্বোধনে ঢাকায় সুস্মিতা (ভিডিও)
রাজধানীর অভিজাত গুলশান এলাকার একটি গয়নার দোকান উদ্বোধন করতে আজ শুক্রবার সকালে ঢাকায় এসেছেন বলিউড তারকা সুস্মিতা সেন। তাঁর সঙ্গে ছিলেন ২০০৭ সালে ‘সা রে গা মা পা চ্যালেঞ্জ’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন অনীক ধর। দুপুরে ফিতা কেটে দোকানটির উদ্বোধন করেন সুস্মিতা সেন। এ সময় বাংলাদেশের অনেক তারকাও সেখানে উপস্থিত ছিলেন।সুস্মিতা সেন বলেন, ‘আজ বাংলাদেশের জন্য একটি মহান দিন। এদিন বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমি খুবই কৃতজ্ঞ এমন একটি দিনে বাংলাদেশে আসতে পেরে। এর আগে আমার সঙ্গে বিভিন্ন দেশের অনেক বাংলাদেশির কথা হয়েছে। আমার বেশ কয়েকজন বাঙালি বন্ধুও আছে। এটি আমার প্রথম বাংলাদেশ সফর। খুবই ভালো লাগছে। আমার সঙ্গে আজ এখানে আমারই একজন বন্ধু এসেছে। সে আমাকে বাংলাদেশ সম্পর্কে অনেক কিছুই বলেছে। বাংলাদেশের মানুষের আতিথেয়তা সম্পর্কে আমি আগে থেকে সবকিছু তার মুখে শুনেছি। আজ বেশিক্ষণ থাকতে পারলাম না। আমি আবারও আসতে চাই। তবে অল্প কিছুক্ষণ সময়ের জন্য বাংলাদেশে এলেও যে পরিমাণ আতিথেয়তা পেয়েছি, তাতে মনেই হয়নি প্রথমবার এখানে এসেছি।’বাংলাদেশের চলচ্চিত্র সম্পর্কে জানতে চাইলে সুস্মিতা বলেন, ‘আমার কাছে এখনো পর্যন্ত সেভাবে চলচ্চিত্রে অভিনয়ের কোনো প্রস্তাব আসেনি। যদি আসে, তাহলে অবশ্যই এখানকার চলচ্চিত্রেও কাজ করব।’কাল শনিবার সুস্মিতার বাবার জন্মদিন। তাই ঢাকা থেকে সরাসরি কলকাতায় যাবেন বলে জানান তিনি। বিকেলে দেশে ফেরার আগে মা-বাবা আর ভাইয়ের জন্য ঢাকা থেকে কিনে নিয়ে গেছেন পাঞ্জাবি আর শাড়ি।
ভারতের অন্ধ্র প্রদেশের হায়দরাবাদে জন্মগ্রহণ করেন সুস্মিতা সেন। ১৯৯৪ সালে তিনি মিস ইউনিভার্স খেতাব জিতে নেন। ১৯৯৬ সালে দস্তক ছবিটির মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে তাঁর যাত্রা শুরু হয়। এরপর একটি তামিল ছবিতেও অভিনয় করেন তিনি। অবশ্য ১৯৯৯ সালে ডেভিড ধাওয়ানের বিবি নাম্বার ওয়ান ছবিটির মাধ্যমে বেশ আলোচনায় আসেন সুস্মিতা। এ ছবিতে অভিনয়ের জন্য পরের বছর তিনি ফিল্ম ফেয়ারে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতে নেন।সুস্মিতা সেন অভিনীত উল্লেখযোগ্য অন্যান্য ছবির মধ্যে রয়েছে স্রেফ তুম, হিন্দুস্তান কি কসম, ফিলহাল, ভাস্তু শাস্ত্র, পয়সা উসুল, ম্যায়নে প্যায়ার কিউ কিয়া, ফিজা, বেওয়ফা, ইট ওয়াজ রেইনিং দ্যাট নাইট, ডু নট ডিস্টার্ব ও দুলহা মিল গ্যায়া। সর্বশেষ ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত নো প্রবলেম ছবিতে তিনি অভিনয় করেন।