ঘটকের অভিজ্ঞতা
‘বিয়ের ঘটক হব, কখনো এটা ভাবিনি। ১৫ বছর আগে কিছু না বুঝেই শুরু করেছিলাম কাজটি। তখন শুধু মনে হয়েছিল, স্বাবলম্বী হতে হবে। কাজ শুরুর এক মাসের মধ্যে সফলভাবে একটি বিয়ে দিই। আর পেছন ফিরে তাকাতে হয়নি।’ কথাগুলো বলছিলেন বিয়ের পাত্র-পাত্রীর সন্ধানদাতা প্রতিষ্ঠান মনিকা’স বাঁধনের কর্ণধার ঘটক মনিকা পারভীন। সফলভাবে প্রায় ৫০০টি বিয়ে দিয়েছেন তিনি। ‘আমার মা সব সময় বলতেন, জীবনের সঙ্গে যুদ্ধ করো। তুমি তো অসৎ কাজ করছ না। এটাও তো একটা পেশা। স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পরপর ছেলেমেয়ে দুটিকে নিয়ে মায়ের কাছেই উঠেছিলাম। প্রথমে শুধু মা বলেছেন, তুমি সবার নানা কথাকে কি অগ্রাহ্য করতে পারবে? যদি পারো তবেই এ পেশায় টিকতে পারবে। মা ও আমার সন্তানদের সহযোগিতায় শেষ পর্যন্ত পেরেছি।‘ইদানীং একটা বিষয় আমাকে বেশ ভাবাচ্ছে। হঠাৎ মনে হচ্ছে, মানুষের মধ্যে অস্থিরতা বেড়ে গেছে। সে কারণে সমাজে বিবাহবিচ্ছেদের হার ক্রমাগত বাড়ছে। ১৫ বছর আগে যখন কাজ করতাম, তখন এমন অবস্থা ছিল না। এখন অসহিষ্ণু মানুষের সংখ্যা বেশি। যান্ত্রিকতার কারণে আমরা ভুল সময়ে ভুল বিয়ের সিদ্ধান্ত নিই। এ রকম চলতে থাকলে একসময় সমাজ সংসারে অস্থিরতা বাড়বে। তবে আমার মনে হয়, বিবাহবিচ্ছেদটা আমাদের দেশে খুব সহজভাবে হয়। এর জন্য পর্যাপ্ত আইনি ব্যবস্থা নেই। নিজেদের বোঝার মতো সময় তাঁরা দিতে চান না। এ ছাড়া বিবাহবিচ্ছেদ যদি সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়, তবে নারী কিংবা শিশু তার অধিকার থেকে বঞ্চিত হবে না। এতে বিবাহবিচ্ছেদের হারটা তুলনামূলকভাবে কমে যাবে। সরকারকে এ বিষয়ে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে।‘এই ১৫ বছরে পাত্র-পাত্রী বা তাদের পরিবারের চাহিদার ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। আগে শিক্ষিত, ভালো পরিবারের ছেলেমেয়ের কথাই বলত। এখন এখানে বৈষয়িক বিষয়গুলো প্রাধান্য পায়। তবে একটি বিষয়ে মিল রয়েছে তা হলো পাত্র-পাত্রীকে সুন্দর হতে হবে। এই চাহিদার কোনো পরিবর্তন হয়নি। নিজের অভিজ্ঞতা থেকে বলছি, মেয়েরা অনেক সমঝোতাশীল। তারা বেশ বাস্তব চিন্তাভাবনা করে; যা ছেলেদের বেলায় কম দেখা যায়। আগে নিজের বিয়ের কথা নিজেরা বলতে পারত না মেয়েরা, এখন পারে। নিজের পছন্দ-অপছন্দ স্পষ্ট জানিয়ে দেয়, যা আগে দেখা যেত না। ‘যারা আমার এখানে সদস্য হতে আসে, তাদের সব সময় একটা কথা বলি, আমি বিয়ে দিয়েই দেব এমনটি যেন না ভাবে। বিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আত্মীয়স্বজনের অনেকের বিয়ে আমি দিয়েছি। তারা এখন ভালো আছে। দেখলেই মন ভালো হয়ে যায়। ‘যদিও আমার দুই সন্তানের বিয়ের ঘটক হতে পারিনি। ওরা নিজেরাই পছন্দ করে আমাকে জানিয়েছে। আমি বিয়ে দিয়ে দিয়েছি।’ বলেই হেসে ফেলেন মনিকা পারভীন।‘এত বছর কাজ করতে গিয়ে কোনো কষ্টদায়ক অভিজ্ঞতা যে হয়নি তা নয়। কিন্তু ভালো অভিজ্ঞতা এত বেশি তা কষ্টগুলোকে ছাপিয়ে যায়। শুধু বিয়ে দিলেই তো দায়িত্ব শেষ হয়ে যায় না। তাদের খোঁজখবর রাখি। কারও কোনো সমস্যা হলে আমি কাউন্সেলিং করি। নিজের জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই দীর্ঘ পথ পাড়ি দিয়েছি। তবে সন্তানেরা ও মা যদি পাশে না থাকত, তবে কিছুই করতে পারতাম না। ২০০৮ সালে মা মারা গেছেন। এরপর দেড় বছর কাজ করিনি। ‘সন্তানেরা দেশের বাইরে থাকে। নিজেকে সামলিয়ে আবার নতুন করে কাজ শুরু করেছি। এটি যে আমার আরেক সন্তান। যত দিন সামর্থ্য থাকবে, তত দিন অন্যের নতুন জীবনের যাত্রাটা শুরু করে দেব। তবে শুধু একটাই চাওয়া আধুনিকতার সঙ্গে সামঞ্জস্য করতে হবে। পুরোনো সব ধ্যান-ধারণা নিয়ে বিয়ের পাত্র-পাত্রী বাছাই করা ঠিক নয়। আর বিয়ের পর কেউ যদি পারিবারিক সমস্যা নিয়ে পরিবারের সঙ্গে কথা বলতে চায় তা মনোযোগ দিয়ে শোনা উচিত। এসব কথা চেপে রাখতে বলা ঠিক নয়। পরিবারের সাহায্য এসব সময়ে খুব প্রয়োজন। তাহলে অনেক সমস্যা কমে যাবে। অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের দেখেতে হবে না।’