ঘটনা খতিয়ে দেখতে পুলিশকে আদালতের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিনকে মারধর ও হত্যাচেষ্টার ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ডিএমপি কমিশনারকে আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মহানগর হাকিম এম এ কে আজাদ আগামী ১০ আগস্ট এ বিষয়ে আদালতকে অবহিত করতে বলেছেন। জয়নুল আবদিনকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে আজ রোববার সকালে লক্ষ্মীপুর-৪ আসনের বিএনপিদলীয় সাংসদ এ বি এম আশরাফউদ্দিন নিজান বাদী হয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মামলা করেন। মামলাটি গ্রহণ করা হবে কি না, এ ব্যাপারে শুনানির পর আদালত ডিএমপি কমিশনারকে এ আদেশ দেন। মামলাটি গ্রহণের বিষয়ে বেলা সাড়ে ১২টা থেকে পৌনে একটা পর্যন্ত শুনানি অনুষ্ঠিত হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। মামলার অভিযোগে বলা হয়, ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন ৬ জুলাই সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে বিরোধীদলীয় ২২ জন সাংসদ পদযাত্রা করেন। এ সময় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন-অর রশীদ ও সহকারী কমিশনার বিপ্লব সরকারের নেতৃত্বে পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের ঘিরে রাখে। সরকারের পূর্বপরিকল্পনা অনুসারে তাঁরা বিনা উসকানিতে ফারুককে মারধর করে হত্যার চেষ্টা করেন। আহত অবস্থায় বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।মামলায় পুলিশের এই দুই ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৩০ জনকে আসামি করা হয়েছে।এর আগে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ঘটনার দিনই শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল করিম বাদী হয়ে ফারুকের বিরুদ্ধে একটি মামলা করেন। তবে বিএনপি মামলা করতে গেলে পুলিশ তা নেয়নি।