ঘটনা তদন্তে দুটি কমিটি
চাঁদপুর ও লক্ষ্মীপুরে গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনা তদন্তে পুলিশ সদর দপ্তর দুটি কমিটি গঠন করেছে। পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার জানান, ঘটনার পর গতকাল রোববারই এই সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল দুপুরে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় আইজিপি বলেন, চাঁদপুর ও লক্ষ্মীপুরের ঘটনায় পুলিশের কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে। আইজিপি বলেন, পুলিশের আন্তরিকতার অভাব নেই। বিরোধী দলের রোডমার্চে পুলিশ দায়িত্ব পালন করেছে। কোনো সমস্যা হয়নি। পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশ তদন্ত করলে নিরপেক্ষ হবে কি না, জানতে চাইলে আইজিপি বলেন, অন্য যেকোনো কমিটি ঘটনা তদন্ত করতে পারে। তবে পুলিশ নিজের পক্ষ থেকে ঘটনা তদন্ত করবে। সরকারকে বেকায়দায় ফেলার জন্য পুলিশের ভেতরের কোনো শক্তি গুলি ছুড়েছে কি না, প্রশ্ন করা হলে আইজিপি বলেন, তদন্তে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আইজিপি বলেন, পুলিশের কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা। তারা শুধু সেই কাজই করে থাকে। ঢাকায় বিএনপি ও আওয়ামী লীগ আবারও একই দিনে কর্মসূচি ঘোষণা করেছে। সোমবারও মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে কি না, জানতে চাইলে সরাসরি উত্তর না দিয়ে আইজিপি বলেন, ‘জনজীবন বিঘ্নিত হয় এমন কিছু ঘটলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’