ঘটনা তদন্তে সংসদীয় উপকমিটি গঠনের বিরোধিতা স্বরাষ্ট্রমন্ত্রীর
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গুলিতে কলেজছাত্র লিমন আহত হওয়ার ঘটনা তদন্তে সংসদীয় উপকমিটি গঠনের প্রস্তাবের বিরোধিতা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি বলেছেন, এ ঘটনায় এ পর্যন্ত ছয়টি তদন্ত কমিটি কাজ করছে। তাই নতুন করে কোনো সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব অযৌক্তিক। সংশ্লিষ্ট সূত্রে এসব জানা গেছে।জানা যায়, গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় জাতীয় পার্টির মুজিবুল হক এ উপকমিটি গঠনের প্রস্তাব দেন। জাতীয় সংসদ ভবনে এ সভা হয়। সভায় ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সুপারিশ করা হয়।সূত্র জানায়, সভায় কমিটির সদস্য মুজিবুল হক ঝালকাঠির রাজাপুরের কলেজছাত্র লিমনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, অবশ্যই এ ঘটনার সংসদীয় তদন্ত হওয়া প্রয়োজন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এ প্রস্তাবের বিরোধিতা করেন। ফলে বিষয়টি আর এগোয়নি।সভা শেষে প্রেস ব্রিফিংয়ে মুজিবুল হক বলেন, ‘লিমনের বিষয়টি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। র্যাবের বিরুদ্ধে এমন অভিযোগ এর আগেও উঠেছে। এ কারণেই বৈঠকে ওই ঘটনা তদন্তে সংসদীয় উপকমিটি গঠনের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর বিরোধিতার কারণে তা হয়নি।’ব্রিফিংয়ে কমিটির সভাপতি আবদুস সালাম বলেন, সভায় লিমনসহ আলোচিত বেশ কিছু মামলা নিয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে এ নিয়ে আরও আলোচনা হবে।প্রসঙ্গত, গত ২৩ মার্চ রাজাপুরে র্যাব সদস্যদের গুলিতে আহত হয় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী লিমন। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা তার গুলিবিদ্ধ পা কেটে ফেলতে বাধ্য হন। ঘটনাটি প্রথম আলোয় প্রকাশিত হলে প্রশাসনসহ সর্বত্র তোলপাড় শুরু হয়। র্যাব প্রথমে লিমনকে সন্ত্রাসী অভিহিত করার চেষ্টা করলেও পরে জানায় সে ‘পরিস্থিতির শিকার’।সূত্র জানায়, গতকালের সভায় লিমনের ঘটনাসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং দ্বৈত ব্যবস্থাপনার অভিযোগ আনেন কমিটির একাধিক সদস্য। এ সম্পর্কে ব্রিফিংয়ে কমিটির সভাপতি বলেন, প্রায় প্রতিটি মামলার ক্ষেত্রেই দেখা গেছে, আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর তদন্ত প্রতিবেদনেগুলোয় কোনো মিল থাকছে না। লিমনের ঘটনায়ও তাদের (পুলিশ-র্যাব) বক্তব্য ছিল সমন্বয়হীন। তিনি বলেন, আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর তদন্তকাজে সমন্বয় আনার সুপারিশ করেছে কমিটি।সভায় ফায়ার সার্ভিস অধিদপ্তরের আন্তর্জাতিক ক্রয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে গঠিত উপকমিটির প্রতিবেদন দেওয়া হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ফায়ার সার্ভিসের মহাপরিচালক আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহর বিরুদ্ধে আনা আন্তর্জাতিক ক্রয়ে দুর্নীতি-অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। উপকমিটির তদন্তে অসহযোগিতা ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেয় সংসদীয় কমিটি। দ্রুততম সময়ে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এবং প্রয়োজনীয় তদন্ত করে দুর্নীতি দমন কমিশনকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছে কমিটি।