ঘটনা ভিন্ন, উদ্ধার ময়নাতদন্ত চূড়ান্ত প্রতিবেদন অভিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্রোহের পর গত দুই বছরে ৬৫ জন বিডিআর সদস্য মারা গেছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ হিসাব দিয়েছে। তবে বেসরকারি হিসাবে এ সংখ্যা কিছুটা বেশি। এর মধ্যে হেফাজতে থাকা দুজন বিডিআর সদস্য নিহত হওয়ার ঘটনায় পুলিশ হত্যা মামলা করেছে। এ দুজনের লাশের ময়নাতদন্তে বলা হয়েছে, নির্যাতনের কারণেই তাঁরা মারা গেছেন। কিন্তু তদন্ত কর্মকর্তা হত্যাকাণ্ড দুটির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছেন দাবি করে দুটি মামলাতেই চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন। বিডিআরের ওই দুই সদস্য ল্যান্স নায়েক মোবারক হোসেন ও হাবিলদার মহিউদ্দিন। মামলার নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, ঘটনার তারিখ এবং তদন্ত কর্মকর্তা ভিন্ন হলেও দুটি মামলারই চূড়ান্ত প্রতিবেদনের ভাষা প্রায় একই রকম। দেড় মাসের ব্যবধানে দুজন নিহত হলেও দুজনকেই নিউমার্কেট এলাকা থেকে র্যাব উদ্ধার করেছে বলে দাবি করা হয়। দুজনের মৃত্যুর কারণও এক। দুজনকেই প্রথমে বিডিআর হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত ঘোষণা করা হয়। চূড়ান্ত প্রতিবেদনও দেওয়া হয়েছে একই তারিখে, গত বছরের ৮ মে। দুটি মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার কারণও এক। বলা হয়েছে, নিরলসভাবে প্রচেষ্টা ও বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেও প্রকৃত আসামিদের শনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি। মামলার তদন্ত দীর্ঘায়িত করে আশানুরূপ ফল পাওয়ার সম্ভাবনাও নেই। সংশ্লিষ্ট র্যাব সাক্ষীরাও আসামিদের শনাক্ত করার মতো কোনো তথ্য দিতে পারেননি। দুটি প্রতিবেদনেই বলা হয়, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিদ্রোহের পর কিছুসংখ্যক বিডিআর সদস্য আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক গ্রেপ্তার হন। এ ধরনের ঘটনার একপর্যায়ে শরীরের বিভিন্ন স্থানে জখম ও অসুস্থ অবস্থায় মোবারক হোসেন ও মহিউদ্দিনকে উদ্ধার করা হয়। দুজনকেই নিউমার্কেটের আশপাশের এলাকা থেকে উদ্ধার করার কথা বলা হয়েছে। তবে নিহত মোবারক হোসেনের স্ত্রী তানিয়া সুলতানা প্রথম আলোকে জানান, তাঁর স্বামী ২০০৯ সালের ১ মার্চ পিলখানায় আত্মসমর্পণ করেন। নিহত মহিউদ্দিনের স্ত্রী মাজেদা আক্তার জানান, তাঁর স্বামীকে ২০০৯ সালের ২২ মার্চ র্যাব-৭-এর একটি দল চট্টগ্রামের হালিশহরে ২৮ রাইফেল ব্যাটালিয়নের ক্যানটিন থেকে গ্রেপ্তার করে। তিনি সেই ক্যানটিনের ব্যবস্থাপক ছিলেন। উভয়ের স্ত্রীর অভিযোগ, তাঁদের স্বামী পিলখানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ছিলেন। হেফাজতে থাকা অবস্থায় এই দুজন কীভাবে নির্যাতনের শিকার হয়ে নিউমার্কেট এলাকায় আহত অবস্থায় পড়ে থাকেন, সেই বিষয়টি তদন্তে খতিয়ে দেখা হয়নি। এ ছাড়া নিহত দুই বিডিআর সদস্যের স্বজনদেরও বক্তব্য নেননি তদন্ত কর্মকর্তা। অবশ্য নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান প্রথম আলোর কাছে দাবি করেন, যথাযথ তদন্ত করেই এই দুটি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। এ প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘কোনো বিচারিক বিষয়ে পুলিশ মন্তব্য করতে পারবে না। তদন্ত যদি সঠিক না হয়, তাহলে সেটা আদালত দেখবে। প্রয়োজন হলে পুনর্তদন্তের নির্দেশ দেবে।’বিডিআর বিদ্রোহ দমনের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে বিডিআর সদস্যের মারা যাওয়ার কথা আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে। বিডিআরের সিনিয়র রেকর্ড অফিসার লে. কর্নেল মিজানুর রহমান জানান, তাঁদের হিসাবে এ পর্যন্ত ৬৫ জন মারা গেছেন। তবে সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের হিসাব অনুযায়ী, এ সংখ্যা সত্তরের বেশি। এঁদের মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যা, ক্যানসার, হূদেরাগ, হেপাটাইটিসে আক্রান্ত হওয়াসহ বিভিন্ন কারণ উল্লেখ করা হয়েছে। কেবল উপরোল্লিখিত দুটি ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছিল।মোবারক হোসেনের মৃত্যু ও তদন্ত: মোবারক হোসেনের মৃত্যুর ঘটনায় ২০০৯ সালের ২২ মার্চ লালবাগ থানায় অপমৃত্যুর মামলা হয়। পরে তা নিউমার্কেট থানায় স্থানান্তর করা হয়। ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদনে বলা হয়, শক্ত ও ভোঁতা বস্তুর আঘাতের কারণে মোবারকের মৃত্যু হয়েছে। পরে নিউমার্কেট থানায় হত্যা মামলা হয়। নিউমার্কেট থানার উপপরিদর্শক রসুল আহমেদ নিজামীকে মামলার তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়। তিনি ২০১০ সালের ৮ মে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দেন।চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, র্যাব-২-এর দুই কনস্টেবল শামীম হাওলাদার ও সোলায়মান শেখ জিজ্ঞাসাবাদে তদন্ত কর্মকর্তাকে বলেছেন, ২০০৯ সালের ২২ মার্চ র্যাবের টহল দল নিউমার্কেট ক্রসিংয়ে ছোট বটগাছের নিচে লোকজনের জটলার মধ্যে একজন মুমূর্ষু ব্যক্তিকে দেখতে পায়। লোকজন জানায়, ওই লোক বিডিআরের সদস্য। সে জখমপ্রাপ্ত হয়ে পড়ে রয়েছে। অজ্ঞাতনামা লোক তাঁকে মারধর করেছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম, মুমূর্ষু ও অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে লোকজন। র্যাব তাঁকে উদ্ধার করে সকাল নয়টা ৪৫ মিনিটে পিলখানায় বিডিআর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়ার পর মোবারককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।প্রতিবেদনে বলা হয়, বদলিজনিত কারণে র্যাবের অন্য প্রত্যক্ষদর্শী সাক্ষীদের বক্তব্য নেওয়া যায়নি। ‘কে বা কারা মোবারক হোসেনকে মারধর করে জখম করেছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। তবে ঘটনার পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণে অজ্ঞাতনামা আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ভুক্তভোগীকে পরিকল্পিতভাবে নির্যাতন করার ফলে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রতীয়মান হয়।’মহিউদ্দিনের তদন্ত: মামলার নথি অনুযায়ী, বিডিআর সদর দপ্তর প্রশাসনিক শাখার মেজর জাহিদুর রহমান খান ২০০৯ সালের ৬ মে লালবাগ থানায় লিখিতভাবে জানান, ২৮ রাইফেলস ব্যাটালিয়নের হাবিলদার মহিউদ্দিন ৫ মে রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তখন লালবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। পরে তা নিউমার্কেট থানায় স্থানান্তর করা হয়।তবে ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদন পর্যালোচনা করে চিকিৎসক মতামত দেন, মহিউদ্দিনকে ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। এরপর নিউমার্কেট থানায় নিয়মিত হত্যা মামলা হয়।উপপরিদর্শক মনোয়ার হোসেন মামলার তদন্ত করেন। তিনি প্রতিবেদনে বলেন, ২০০৯ সালের ৫ মে রাত আনুমানিক সোয়া নয়টার দিকে মহিউদ্দিনকে শরীরের বিভিন্ন স্থানে জখম ও অসুস্থ অবস্থায় নিউমার্কেট এলাকায় নিউ সুপার মার্কেটের সামনে পাওয়া যায়। র্যাব-২-এর একটি দল তাঁকে রাত ১১টার দিকে বিডিআর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসকেরা বিডিআরের জওয়ান রবিউল হোসেনের মাধ্যমে মহিউদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। চূড়ান্ত প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, এই মামলার তদন্তে বিডিআর সদর দপ্তরের বিভিন্ন লোকজনকে গোপনে ও প্রকাশ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মৃতের আত্মীয়স্বজনের মাধ্যমেও মামলাটি উদ্ঘাটনের মতো কোনো তথ্য পাওয়া যায়নি।নিহতদের স্ত্রীরা যা বলেন: মোবারক হোসেনের স্ত্রী তানিয়া সুলতানা প্রথম আলোকে জানান, বিদ্রোহের পরে তাঁর স্বামী পিলখানা থেকে পালিয়ে যান। কর্তৃপক্ষ সাধারণ ক্ষমা ঘোষণা করলে তিনি ২০০৯ সালের ১ মার্চ কাজে যোগ দিতে যান। সেদিন নাম তালিকাভুক্তি করে বিডিআর কর্তৃপক্ষ তাঁকে ৩ মার্চ পিলখানার ভেতরে নেয়। এরপর মাঝেমধ্যে মোবারক তাঁকে ফোন করতেন। সর্বশেষ ২০০৯ সালের ১৮ মার্চ পিলখানা থেকে মোবারক স্ত্রীকে ফোন করেন।সেদিন কী কথা হয়েছে—জানতে চাইলে তানিয়া সুলতানা বলেন, ‘আমারে বলছে, শীতের পোশাক নাই। কাপড়চোপড় যদি দিতে পারো, দিও। আমি বলছি কীভাবে দেব।...লাস্টে বলছে, আমি কষ্টে আছি। এর পর লাইন কেটে গেছে।’মহিউদ্দিনের স্ত্রী মাজেদা আক্তার বলেন, ‘২০০৯ সালের মার্চের ২২ তারিখ র্যাব-৭ হালিশহর ক্যানটিন থেকে তাঁকে গ্রেপ্তার করে। ২৮ ব্যাটালিয়নের কর্মকর্তা আমাকে কাগজও দেখাইছে। পিলখানা গেটে গিয়া তন্নতন্ন করে খুঁজছি। টোকেন নিয়া অনেক দৌড়াদৌড়ি করছি। কিন্তু দেখা পাইনি। পরে ঢাকা কেন্দ্রীয় কারাগার, সিএমএম কোর্টে গিয়েও দেখা পাইনি।’ মাজেদা জানান, এই ঘটনার প্রায় দেড় মাস পর তিনি একটি বেসরকারি টেলিভিশনের খবরে জানতে পারেন তাঁর স্বামী হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিন মাস পর তিনি নিউমার্কেট থানায় গিয়ে জানতে পারেন, এই মামলায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিয়ে দিয়েছে। তিনি বলেন, ‘ফাইনাল রিপোর্টের কাগজ আমি নিয়া আসছি। ওরা সব মিথ্যা কথা বলে ফাইনাল রিপোর্ট দিছে।...আমার স্বামী বিদ্রোহে ছিল না। কেন তাঁরে মারি ফালাইল। ওরা লিখেছে, ওনি পালিয়ে গেছে। কিন্তু ওনি তো ক্যানটিন চালাইত।’