২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অধিকতর তদন্তের মেয়াদ আরও তিন মাস বাড়িয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ফজিলা বেগম মামলাটির তদন্ত শেষ হলে আগামী ১১ আগস্ট প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ নিয়ে চতুর্থ দফায় মামলাটির অধিকতর তদন্তের সময় বাড়ানো হলো।এদিকে অধিকতর তদন্তের দীর্ঘসূত্রতার সুযোগে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ভিন্ন খাতে নিতে আবারও একটি মহল তৎপর হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে।অধিকতর তদন্তে মাওলানা তাজউদ্দিনসহ হামলায় জড়িত জঙ্গিদের সহযোগী হিসেবে তৎকালীন প্রভাবশালী অনেকের নাম বেরিয়ে আসছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়। অভিযোগ রয়েছে, ওই সব গোষ্ঠীকে রক্ষায় এ মামলা ভিন্ন খাতে নিতে এখন আরেকটি মহল মাঠে নেমেছে। আর এরই অংশ হিসেবে গতকাল প্রথম আলোর সম্পাদক ও প্রতিবেদককে জড়িয়ে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন দৈনিক কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিন মনগড়া ও বানোয়াট প্রতিবেদন প্রকাশ করে।এ দুটি পত্রিকায় সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর কথিত জবানবন্দির বরাত দিয়ে যথাক্রমে ‘হোতা তাজউদ্দিনকে বাঁচাতে চেয়েছিলেন মতিউর রহমান!’ এবং ‘প্রথম আলো সম্পাদক ও মাওলানা তাজের সম্পর্ক স্বীকার করলেন সালাম পিন্টু’ শীর্ষক দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। তবে কথিত এই জবানবন্দির ব্যাপারে খোঁজ করে সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো কিছুই জানাতে পারেননি।জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন প্রথম আলোকে বলেন, এমন কোনো জবানবন্দির কথা তাঁরা জানেন না। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হকও একই রকম মন্তব্য করেন।কালের কণ্ঠ-এর প্রতিবেদনে দাবি করা হয়, ‘গত ২৯ এপ্রিল গোয়েন্দা পুলিশ তাঁকে (আবদুস সালাম পিন্টু) জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্য কার্যবিধির ১৬১ ধারায় লিপিবদ্ধ করে।’জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাহবুব আলম প্রথম আলোকে বলেন, ডিবি সালাম পিন্টুকে কখনো জিজ্ঞাসাবাদ করেনি এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলাটিও ডিবির তদন্তাধীন কোনো মামলা নয়। ফলে ডিবির পক্ষে পিন্টুর জবানবন্দি নেওয়ার কোনো সুযোগ নেই।আর বাংলাদেশ প্রতিদিন-এর খবরে বলা হয়, পিন্টু সিআইডির কাছে ওই জবানবন্দি দিয়েছেন।সিআইডি সূত্র জানায়, সিআইডি ২৯ এপ্রিল এ ধরনের কোনো জবানবন্দি নেয়নি। তা ছাড়া ওই দিন পিন্টু ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় রিমান্ডেও ছিলেন না।যদিও বিধান অনুযায়ী ১৬১ ধারায় জবানবন্দি নেওয়ার কথা তদন্তকারী সংস্থা সিআইডির।জানতে চাইলে র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল জিয়াউল আহসান প্রথম আলোকে বলেন, এমন জবানবন্দির ব্যাপারে তাঁরাও কিছু জানেন না।তদন্তের সর্বশেষ অবস্থা: সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অধিকতর তদন্তের কাজ চলছে। তবে একই তদন্ত কর্মকর্তা পিলখানায় বিডিআর বিদ্রোহের মামলাও তদন্ত করছেন। ফলে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্তে পর্যাপ্ত সময় দিতে পারছেন না তিনি।সূত্র জানায়, তদন্তে বেরিয়ে আসে, সমাবেশে হামলা চালিয়ে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে জঙ্গিদের আর্জেস গ্রেনেড সরবরাহ করেছিলেন মাওলানা তাজউদ্দিন। তাজউদ্দিন পিন্টুর ছোট ভাই। তাঁরা দুই ভাই এ মামলার অভিযুক্ত আসামি। পিন্টু এ মামলায় কারাগারে থাকলেও তাজউদ্দিন পলাতক।অভিযোগ রয়েছে, ২০০৬ সালে তাজউদ্দিন বিগত জোট সরকারের শেষ দিকে ভিন্ন নামে পাসপোর্ট বানিয়ে বিদেশে পালিয়ে যান, যা প্রথম আলোতে বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে। পরে মামলাটির অধিকতর তদন্তের সময় বেরিয়ে আসে, প্রভাবশালী একটি গোয়েন্দা সংস্থার তৎকালীন কয়েকজন কর্মকর্তা তাজউদ্দিনকে ভিন্ন নামে পাসপোর্টে বিদেশে পালিয়ে যেতে সহায়তা করেছিল। এ ঘটনায় ওই গোয়েন্দা সংস্থার তৎকালীন দুই কর্মকর্তা মেজর (অব.) সৈয়দ মনিরুল ইসলাম ও লে. কমান্ডার মিজান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে স্বীকরোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।এ ছাড়া গ্রেনেড হামলার ঘটনার সময় পুলিশের বিশেষ শাখার প্রধান ও পরবর্তী সময়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আবদুল কাইয়ুম, সাবেক আইজিপি শহুদুল হক, তৎকালীন ভারপ্রাপ্ত মহানগর পুলিশ কমিশনার মিজানুর রহমান খান, উপকমিশনার (পূর্ব) ওবায়দুর রহমান এবং একটি প্রভাবশালী গোয়েন্দা সংস্থার সাবেক কয়েকজন কর্মকর্তাকে এ মামলায় গত ডিসেম্বর ও জানুয়ারিতে সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সর্বশেষ ৫ মে সাবেক আইজিপি আনোয়ারুল ইকবাল এবং তার আগের দিন পুুলিশের আরেক সাবেক কর্মকর্তা খোদা বক্সের বক্তব্য নিয়েছে সিআইডি।