ঘটনা সম্পর্কে সেনাসদরের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপগঞ্জের আর্মি হাউজিং স্কিম এলাকায় সংঘটিত ঘটনা সম্পর্কে সেনাসদর গত রাতে বক্তব্য দিয়েছে।আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছরের শুরুতে সেনা আবাসন-সমস্যা দূরীকরণে যথাযথ বিধি মোতাবেক আর্মি হাউজিং স্কিম (এএইচএস) নামের একটি প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় প্রকল্পের জন্য স্থানীয় জমির মালিকদের কাছ থেকে আলাপ-আলোচনার মাধ্যমে বর্তমান বাজারমূল্যে জমি ক্রয়ের কার্যক্রমের প্রক্রিয়া চলমান ছিল। কয়েক মাস ধরে স্থানীয় একটি স্বার্থান্বেষী মহল ওই প্রকল্পের কাজে বিভিন্ন ধরনের বিঘ্নতা সৃষ্টি করছিল। এই মহলটি স্থানীয় জমির মালিক ও এলাকাবাসীকে বিভিন্ন ধরনের প্ররোচনা দিয়ে উসকে তুলে তাদের মধ্যে এএইচএস তথা সেনাবাহিনী সম্পর্কে একটি বিরূপ ও ভীতিকর ধারণা সৃষ্টি করে।এর পরিপ্রেক্ষিতে ১৯ ও ২০ অক্টোবর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে এএইচএস কর্তৃপক্ষের বিভিন্ন বিষয়ে সমঝোতা হয় এবং এরই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট বিষয়ে ৩০ অক্টোবর পর্যন্ত আলাপ-আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।এই সমঝোতা অগ্রাহ্য করে ২৩ অক্টোবর সকাল থেকে এএইচএস প্রকল্প এলাকা রূপগঞ্জ সদরের কিছু কিছু স্থানে স্থানীয় কতিপয় উচ্ছৃঙ্খল গোষ্ঠী ব্যারিকেড সৃষ্টি করে। সকাল আনুমানিক নয়টায় উচ্ছৃঙ্খল ব্যক্তিরা রূপগঞ্জের প্রকল্পের ভাড়া করা অফিসের ভেতর ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তবে উপস্থিত পুলিশ ও র‌্যাবের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এরপর আনুমানিক ১০টায় প্রকল্প এলাকায় মশুরীতে স্থাপিত ক্রয়কৃত জমির সীমানা নির্ধারণ বুঝে নেওয়ার জন্য অস্থায়ী অফিসে উচ্ছৃঙ্খল গোষ্ঠী দেশীয় বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে মারমুখী অবস্থায় আক্রমণ করে। এ আক্রমণে দুজন সেনাসদস্য গুরুতর আহত হন এবং উচ্ছৃঙ্খল ব্যক্তিরা সরকারি গাড়ি ভাঙচুরসহ ধ্বংসাত্মক কার্যকলাপ শুরু করে। পরে আনুমানিক বেলা ১১টার দিকে উচ্ছৃৃঙ্খল গোষ্ঠী সংঘবদ্ধ হয়ে আরও বিপুলসংখ্যক জনবল নিয়ে অস্থায়ী অফিসের ওপর দ্বিতীয়বারের মতো আক্রমণ করে এবং উপস্থিত সেনাসদস্যদের ওপর চড়াও হয়। এতে আরও একজন সেনাসদস্য আহত হন। এ সময় তারা সেনাসদস্যদের কাছ থেকে তাদের ব্যক্তিগত অস্ত্র ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে দুর্ঘটনাবশত কয়েকটি গুলি বেরিয়ে যায় এবং তাতে একজন অসামরিক ব্যক্তি আহত হন। এ সময় মারমুখী জনগোষ্ঠী পুনরায় ছত্রভঙ্গ হয়ে অস্থায়ী অফিস থেকে বের হওয়ার রাস্তা অবরোধ করে রাখে।আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিতে চাইলেও মারমুখী জনগোষ্ঠী রাস্তা ছাড়তে রাজি হয়নি। পরে বিমানবাহিনীর হেলিকপ্টারের সহায়তায় একজন অসামরিক ও তিনজন সামরিক আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য ঢাকায় সিএমএইচে স্থানান্তর করা হয়।এখানে উল্লেখ্য, এএইচএস প্রকল্পের জমি ক্রয়ের কার্যক্রম সম্পূর্ণভাবে সেনাসদস্যদের ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত এবং জমি অধিগ্রহণের সঙ্গে এর কোনোই সম্পৃক্ততা নেই। এ জন্য এএইচএস কর্তৃপক্ষ সব সময়ই স্থানীয় ভূমির মালিক ও নেতাদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের কাজ চালিয়ে যাচ্ছিল। সুতরাং ওই প্রকল্পের বিষয়ে কোনো ব্যক্তি বা মহলের সঙ্গে ভুল বোঝাবুঝির কোনোরূপ অবকাশ নেই। উদ্ভূত পরিস্থিতিতে এএইচএস প্রকল্পের জন্য জমি ক্রয়ের বিষয়ে ভুল বোঝাবুঝির অবসানের লক্ষ্যে এলাকার স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধির সঙ্গে আলোচনার পথ সুগম করার সুবিধার্থে সেনা কর্তৃপক্ষ ওই এলাকা থেকে সব অস্থায়ী অফিস প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় এবং বিকেলের মধ্যেই তা প্রত্যাহার সম্পন্ন হয়। তবে অফিস এলাকায় এখনো কিছু নিত্য ব্যবহার্য দ্রব্যাদি রয়ে গেছে। এএইচএস কর্তৃপক্ষ আশা করে, বিষয়টি আলোচনার মাধ্যমেই এবং দেশের প্রচলিত আইন মোতাবেক নিষ্পত্তি করা হবে এবং ওই প্রকল্পের জমি ক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে।