ঘটনাটি স্পর্শকাতর, তাই মন্তব্য করা যাবে না: সাহারা
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ‘উধাও হওয়া’ ভারতীয় চারজন ছাত্র নিখোঁজের ঘটনায় তদন্ত করা হচ্ছে। ঘটনাটি স্পর্শকাতর, তাই এ বিষয়ে মন্তব্য করা যাবে না। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সারদা পুলিশ একাডেমির শতবর্ষ উদযাপন প্রস্তুতি বিষয়ে সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।সাহারা খাতুন বলেন, বিষয়টি পত্রপত্রিকায় এসেছে এবং এ ব্যাপারে তদন্ত হচ্ছে। তদন্ত শেষ হলেই এ বিষয়ে জানা যাবে।পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারও এ ঘটনায় তদন্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে সিলেটের ওই মেডিকেল কলেজ থেকে দুই শিক্ষানবিশ চিকিত্সক ও দুই ছাত্রকে ধরে নিয়ে যায় সাদা পোশাকের একদল লোক। ওই চারজন জম্মু ও কাশ্মীরের বাসিন্দা।বিএনপির রোডমার্চের সময় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রোডমার্চের সময় পুলিশ সঙ্গে থাকবে। বিএনপি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ সহযোগিতা করবে।বিএনপিকে উদ্দেশ করে সাহারা খাতুন বলেন, ‘রোডমার্চ করবেন, তবে রোডমার্চের নামে কোনো অরাজকতা বা ভাঙচুর করবেন না।’এ সময় স্বরাষ্ট্রসচিব মনজুর হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।