ঘটনার কথা স্বীকার করল বরগুনার সেই বখাটে সন্ত্রাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বখাটে সন্ত্রাসী মহসিন এক কলেজছাত্রীকে কুপিয়ে জখম করার কথা স্বীকার করেছে। আজ সোমবার বরগুনার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদকর্মীদের সামনে ওই ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। এ সময় জেলা পুলিশ সুপার মাহবুব হাকিমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মহসিনের দাবি, পুরোনো প্রেমের সম্পর্ক টিকাতে চায়নি বলে সে প্রতিশোধপরায়ণ হয়ে মেয়েটিকে কুপিয়ে জখম করে। তার ভাষায়, ‘আমি ৪ ডিসেম্বর সকালে গাছকাটার দা নিয়ে মেয়েটির কলেজে যাওয়ার পথে ওত্ পেতে থাকি। সকাল নয়টার দিকে ওরা (মেয়েটি ও তার বাবা) চেরাগ আলীর বাড়ির সামনে এলে আমি ওর বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দেই। মেয়েটি আমাকে জুতা দিয়ে পেটাতে শুরু করলে আমি প্রথমে ওর হাতে কোপ দেই। পরে মেয়েটি দৌড়ে পালানোর সময় পড়ে গেলে ডান পায়ে দ্বিতীয়বার আঘাত করি।’ এদিকে বরগুনার পুলিশ সুপার মাহবুব হাকিম আজ সকাল ১০টায় তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, মেয়েটি গত ৭ নভেম্বর থানায় এসে সাধারণ ডায়েরি করেছিল। কিন্তু সেটি তদন্তে শিথিলতা দেখিয়েছে অভিযোগে সদর থানার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মইনুলকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) কারণ দর্শাতে বলা হয়েছে। এ ছাড়া শিথিলতার বিষয়টি তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা বখাটে মহসিনকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি এবং সফলও হয়েছি।’ মেয়েটির যথাযথ চিকিত্সায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।