ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনীর জমি কেনাকে কেন্দ্র করে পুলিশ-র‌্যাব ও জনতার মধ্যকার সংঘর্ষের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করেছে বিএনপি।গতকাল রোববার দুপুরে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ দাবি জানান। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।বিএনপির মহাসচিব বলেন, রূপগঞ্জের ঘটনা অনভিপ্রেত ও দুঃখজনক। এ ঘটনায় সংসদে বিরোধী দলের নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দায়ী করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের দেওয়া বক্তব্য বিএনপিকে হতাশ করেছে।মাহবুবউল আলম হানিফ গত শনিবার রংপুরে এক সমাবেশে এ ঘটনার জন্য খালেদা জিয়াকে দায়ী করে বলেন, তাঁর উসকানিতে রূপগঞ্জে সংঘর্ষের ঘটনা ঘটেছে।হানিফের এই বক্তব্যের নিন্দা জানিয়ে খোন্দকার দেলোয়ার বলেন, সরকার নিজেদের অপকর্মের দায় বিরোধী দলের ওপর চাপাচ্ছে। সরকার সেনাবাহিনীকে ধ্বংস করার ষড়যন্ত্রের অংশ হিসেবে তাদের জনগণের মুখোমুখি ঠেলে দিচ্ছে। তিনি বলেন, ‘হানিফ সাহেব এ ঘটনায় যা বলেছেন, এর জবাব আমি দিতে চাই না। কারণ তিনি সে মাপের নেতা নন। আর হতেও পারবেন না।’বিএনপির মহাসচিব বলেন, সিরাজগঞ্জ ও নাটোরের ঘটনায় যেমন বিএনপি নেতা-কর্মীদের বাড়িছাড়া করা হয়েছে, তেমনি রূপগঞ্জের ঘটনায় হাজার হাজার মানুষের নামে মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করার পাঁয়তারা করা হচ্ছে।খোন্দকার দেলোয়ার বলেন, ‘হঠাৎ করে প্রধান বিচারপতি কেন বিচারকদের আইন ও সংবিধান অনুযায়ী বিচারকার্য পরিচালনা করতে বললেন, তা আমাদের ভেবে দেখতে হবে। তাহলে কি তাঁর মনের ঈষান কোণে কোথাও মনে হচ্ছে সংবিধান ও আইন মেনে বিচারকার্য চলছে না।’প্রতিবাদ সমাবেশ: বিএনপির চেয়ারপারসন ও মহাসচিব সম্পর্কে আওয়ামী লীগের নেতাদের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গতকাল মুক্তাঙ্গনে প্রতিবাদ সমাবেশ করে।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার আওয়ামী লীগের নেতা মাহবুবউল আলম হানিফের বক্তব্যের সমালোচনা করে বলেন, শেখ হাসিনা ছয় বছর ভারতে ছিলেন। সেখান থেকে আসার সময় এ দেশে ফেনসিডিল নিয়ে এসেছেন কি না, তা তদন্ত হওয়া দরকার।গত শুক্রবার রাজধানীতে পরিকল্পনা অধিদপ্তরের কর্মচারীদের এক অনুষ্ঠানে মাহবুবউল আলম হানিফ বলেছিলেন, ‘বিএনপি মহাসচিবকে দেখে মনে হয়, উনি ফেনসিডিলখোর। এ জন্য ওনার কথাবার্তা এমন উদ্ভট।’এম কে আনোয়ার এ ধরনের অশালীন কথা বলে রাজনীতিকে উত্তপ্ত না করার জন্য সরকারি দলের প্রতি আহ্বান জানান। স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খানের সভাপতিত্বে সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম, মহিলা দলের সভাপতি শিরিন সুলতানা প্রমুখ বক্তব্য দেন।