আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম আহমেদ হত্যা মামলার তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল হালিম গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ এলাকায় ইব্রাহিম হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংসদ নুরুন্নবী চৌধুরীর গাড়িটিও দেখেন। তদন্ত কর্মকর্তা দু-এক দিনের মধ্যে এ বিষয়ে নুরুন্নবীকে জিজ্ঞাসাবাদ করবেন বলে জানা গেছে।ইব্রাহিম হত্যা মামলার তদন্ত নিয়ে বিতর্ক দেখা দেওয়ায় গত শনিবার এ মামলার তদন্তের ভার সিআইডিকে দেওয়া হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ গতকাল জানান, তদন্ত কর্মকর্তা আবদুল হালিম দুই দিন আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছ থেকে মামলার ডকেট (নথিপত্র) বুঝে নিয়েছেন।প্রসঙ্গত, ভোলা-৩ আসনের আওয়ামী লীগের সাংসদ নুরুন্নবী চৌধুরীর লাইসেন্স করা পিস্তলের গুলিতে গত ১৩ অগাস্ট নিহত হন ইব্রাহিম। হত্যাকাণ্ডের পর তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ না করে ওই দিন রাতেই সাংসদের গাড়িচালক কামাল হোসেন ওরফে কালা এ ব্যাপারে শেরেবাংলা নগর থানায় অপমৃত্যু মামলা করেন। তদন্তে পুলিশ নিশ্চিত হয়, ইব্রাহিম খুন হয়েছেন। খুনের ঘটনা ধামাচাপা দিতে গাড়িচালক অপমৃত্যুর মামলা করেন। পরে ৩০ আগস্ট কামাল ও সাংসদ নুরুন্নবীর ব্যক্তিগত সহকারী সোহেলকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যার কথা স্বীকার করেন। ২ সেপ্টেম্বর ইব্রাহিমের স্বজনদের না জানিয়ে গোয়েন্দা পুলিশও অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একই থানায় এ ব্যাপারে হত্যা মামলা করে। এর আগে ১৮ আগস্ট ইব্রাহিমের ছোট ভাই মাসুম আহমেদ বাদী হয়ে নুরুন্নবীসহ আটজনের নাম উল্লেখ করে আদালতে হত্যা মামলা করেন। আদালত এ মামলার ব্যাপারে এখনো কোনো নিদের্শনা দেননি।