ঘটনাস্থলেই জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদন ছাড়া ভবন নির্মাণকারী বা অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটানো অবৈধ নির্মাণকারীদের ঘটনাস্থলে তাৎক্ষণিক জেল-জরিমানা করতে পারবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ভ্রাম্যমাণ আদালত আইন, ২০০৯ অনুসারে রাজউককে এই ক্ষমতা দেওয়া হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউক সূত্র জানায়, এ ব্যবস্থায় অবৈধ নির্মাণকারীকে দুই বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা এবং উভয় দণ্ড দেওয়া যাবে।এত দিন অননুমোদিত ও নকশাবহির্ভূত ভবন নির্মাণের প্রমাণ পাওয়া গেলেও রাজউকের ম্যাজিস্ট্রেট এবং অথরাইজড কর্মকর্তা তাৎক্ষণিক কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারতেন না। তাঁরা এমন ভবন চিহ্নিত করে উচ্ছেদ অভিযান চালাতেন বা অননুমোদিত অংশ ভেঙে দিতেন। কিন্তু ভবনমালিকের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হতো না। রাজউক ভবন ভেঙে চলে গেলে মালিক আবারও ভাঙা অংশ মেরামত করে নিতেন। অনেক সময় উচ্ছেদের আগেই অবৈধ ভবন নির্মাণকারী আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে রাজউকের অভিযান ভণ্ডুল করে দিতেন।জানতে চাইলে রাজউকের চেয়ারম্যান মো. নুরুল হুদা প্রথম আলোকে বলেন, ভ্রাম্যমাণ আদালত আইন, ২০০৯ অনুসারে সরকার রাজউককে বিশেষ ক্ষমতা দিয়েছে। ভেজালবিরোধী অভিযানে যেমন ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে জেল-জরিমানা করতে পারেন, এখন রাজউকের ভ্রাম্যমাণ আদালতও এই কাজ করতে পারবেন। এর ফলে রাজধানীসহ রাজউকের এলাকায় যেকোনো অবৈধ ভবন নির্মাণকারীকে এখন অননুমোদিত কাজের জন্য শাস্তির আওতায় আনা যাবে।সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত আইন, ২০০৯ অনুসারে কোনো সংস্থাকে এ ধরনের ক্ষমতা দিতে মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদন প্রয়োজন হয়। সে অনুযায়ী মাস দুয়েক আগে রাজউক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে এ ক্ষমতা চেয়ে আবেদন করে। মন্ত্রিপরিষদ বিভাগ তা অনুমোদন করে সংস্থাপন মন্ত্রণালয়ের মাধ্যমে পূর্ত মন্ত্রণালয়ে পাঠায়। রাজউক গত রোববার অনুমোদনের চিঠি পায়।রাজউকের পরিচালক (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) শেখ আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, রাজউকের পাঁচজন অথরাইজড কর্মকর্তা বিভিন্ন অনুমোদনহীন বা নকশার ব্যত্যয় ঘটানো ভবন চিহ্নিত করবেন। সে অনুসারে রাজউকের নিয়োগ করা চারজন ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। তিনি বলেন, ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে রাজউক ইমারত নির্মাণ আইন-১৯৫২ সালের প্রয়োজনীয় ধারাও অনুসরণ করবে।রাজউকের সূত্রমতে, বিভিন্ন ত্রুটির কারণে রাজউক রাজধানীর যে পাঁচ হাজার অবৈধ ভবনের (সম্পূর্ণ ও আংশিক) তালিকা করেছে, সে তালিকা ধরেই নতুন এই ক্ষমতা প্রয়োগ করা শুরু হবে।