পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, সরকার এমন কোনো দাবিকে প্রশ্রয় দিতে পারে না, যা সাংবিধানিক মূলনীতি ও আদর্শের পরিপন্থী। একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বহুমতের জাতি গঠনের সময় এ ধরনের ‘বিতর্কিত প্রকৃতির’ দাবিকে মেনে নিয়ে সরকার ঘড়ির কাঁটাকে পেছনে ঠেলে দিতে চায় না। হেফাজতে ইসলামের ১৩-দফা দাবি সম্পর্কে উন্নয়ন সহযোগীদের পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেছেন। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছে তিনি দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে সরকারের অবস্থান তুলে ধরেন।গত ৬ এপ্রিল রাজধানীতে সমাবেশের পর হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির পর উদ্ভূত পরিস্থিতিতে দেশের রাজনৈতিক অবস্থার বিষয়ে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিংয়ে তাই প্রাধান্য পেয়েছে হেফাজতের দাবির পর বিদ্যমান পরিস্থিতিতে সরকারের অবস্থান। এ ছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ঢাকায় কর্মরত কূটনীতিকদের কোনো মন্তব্য করার আগে আরও সংবেদনশীল হওয়ারও অনুরোধ জানিয়েছেন দীপু মনি।