ঘণ্টা বাজছে পন্টিংয়ের!
যুবরাজ সিং বলেই দিয়েছেন কথাটা, অধিনায়ক রিকি পন্টিংই অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় দুর্বলতা। সুতরাং কোয়ার্টার ফাইনালে এই জায়গাটাতেই আঘাত হানতে চান তাঁরা। যুবরাজের এই কথাটা যদি মাঠে নামার আগে মনস্তাত্ত্বিক লড়াইয়ের অংশ হয়, তবে সেই লড়াইয়ে পন্টিংকে আরও বেশি কোণঠাসা করতে অস্ট্রেলীয় মিডিয়াকেও পাশে পাচ্ছেন যুবরাজরা।গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ন্যক্কারজনকভারে হারের পর ব্যাট হাতে দুর্বল ফর্ম ও বাজে অধিনায়কত্ব নিয়ে পন্টিংকে ধুয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম। পাকিস্তানের বিপক্ষে জিতলে কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া পেয়ে যেত দুর্বল ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু হেরে যাওয়ায় শেষ আটেই তাদের নামতে হচ্ছে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ভারতের বিপক্ষে।বিখ্যাত কলামিস্ট পিটার রোবাক সিডনি মর্নিং হেরাল্ডে লিখেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগের দিন অস্ট্রেলিয়া বড় গলায় চ্যাম্পিয়ন হওয়ার দাবি করেছিল। এখন আমরা অস্ট্রেলিয়া দলের সত্যটা দেখলাম। মনে হচ্ছে, ছন্দটা কেটে গেছে। সম্ভবত শনিবার কলম্বোতে অস্ট্রেলিয়া দলের আসল চেহারাটাই দৃষ্টিগোচর হয়েছে। এভাবেই যদি চলতে থাকে, শিরোপার সম্ভাবনা খুবই ক্ষীণ।’অধিনায়ক পন্টিংয়ের সমালোচনা করে রোবাক লিখেছেন, ‘তাঁর অধিনায়কত্বে প্রত্যয়ের ঘাটতি আছে। লি তাঁর সেরা বোলার। কিন্তু তাঁর বোলিং কোটা পূর্ণ করতে না দেওয়াটা ছিল স্পষ্টত ভুল। তাঁর ফিল্ডিং সাজানো অতি রক্ষণাত্মক।’ব্যাটসম্যান পন্টিংয়েরও সমালোচনা করেন তিনি।অন্য আরেকটি রিপোর্টের দাবি, পন্টিং অধিনায়কত্ব হারানোর ঝুঁকির মধ্যে পড়ে গেছেন। বিশ্বকাপের পর আগামী মাসে বাংলাদেশ সফরেই অস্ট্রেলিয়া সম্ভবত মাইকেল ক্লার্ককে অধিনায়ক করবে। ওয়েবসাইট।