ঘণ্টাব্যাপী বিক্ষোভ করল আইনজীবী সমিতির একাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের বেঞ্চ পুনর্গঠনসহ বিভিন্ন বিষয়ের প্রতিবাদে প্রধান বিচারপতির আদালত কক্ষের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একাংশ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে সমিতির নেতৃত্বাধীন সরকারবিরোধী অংশ এ কর্মসূচি পালন করে। আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক এম বদরুদ্দোজার নেতৃত্বে আইনজীবীরা প্রধান বিচারপতির এক নম্বর কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে সকাল ১০টার দিকে তাঁরা সরে যান।অন্যদিকে ৯টা ২০ মিনিটে প্রধান বিচারপতিসহ অপর বিচারপতিরা এজলাসে বিচারকাজ শুরু করেন। সরকারবিরোধী আইনজীবীরা আদালত বর্জন কর্মসূচি পালন করলেও সরকার-সমর্থক আইনজীবীরা তা প্রত্যাখ্যান করে এজলাসে প্রবেশ করেন।এদিকে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এজলাস ও প্রধান বিচারপতির কক্ষের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।