ঘন কুয়াশায় কাওড়াকান্দি-মাওয়া নৌ রুটে ১৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে কাওড়াকান্দি-মাওয়া নৌরুটে ১৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। গতকাল রোববার রাত ১১টা থেকে আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকার পর চলাচল স্বাভাবিক হয়। এ সময় কাওড়াকান্দি ও মাওয়া থেকে ছেড়ে আসা তিনটি ফেরি শতাধিক গাড়িসহ যাত্রী নিয়ে মাঝনদীতে আটকে থাকে। দীর্ঘ সময় পারাপার বন্ধ থাকায় উভয় পাড়ে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগ পোহায় কয়েক হাজার যাত্রী।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মাওয়া ও কাওড়াকান্দি ঘাট সূত্রে জানা গেছে, রাতে নদী স্বাভাবিক থাকায় ফেরিগুলো ঠিকমতো চলাচল করছিল। রাত সাড়ে ১১টার দিকে হঠাত্ ঘন কুয়াশা পড়তে থাকলে দিকনির্দেশক বিকন বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ে। তখন কাওড়াকান্দি ও মাওয়া ঘাট থেকে ছেড়ে আসা ফ্লাটফেরি রায়পুরা, রানীক্ষেত, থোবাল, অর্ধশতাধিক যানবাহন ও শতাধিক যাত্রী নিয়ে মাঝনদীতে নোঙর করতে বাধ্য হয়। পরে দুপুর ১২টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরিগুলো চলাচল শুরু করে।বিআইডব্লিউটিসির মাওয়া জোনের এজিএম অশিকুর রহমান জানান, র্দীঘ সময় ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হয়েছে।