ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে আজ বুধবার ভোর পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় উভয় ঘাটে পাঁচ শতাধিক গাড়ি ও পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ জানান, ভোরের দিকে কুয়াশার পরিমাণ বাড়তে থাকলে কর্তৃপক্ষ ভোর সাড়ে পাঁচটার দিকে সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। এ সময় দৌলতদিয়া থেকে ছেড়ে যাওয়া বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং পাটুরিয়া থেকে ছেড়ে আসা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মাঝ নদীতে আটকা পড়ে। একই সঙ্গে পাটুরিয়া ঘাটে আটকা পড়ে আরও ছয়টি ফেরি। পরে সকাল আটটার দিকে কুয়াশা কাটতে শুরু করলে আবার ফেরি চলাচল শুরু হয়।ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস আটকা পড়ে। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়ে। এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক আশরাফউল্লাহ জানিয়েছেন, ফেরি বন্ধ থাকার কারণে পাটুরিয়া ঘাটে আটকা পড়ে দুই শতাধিক ট্রাক।