ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে গতকাল সোমবার রাত তিনটা থেকে আজ মঙ্গলবার সকাল সাতটা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় পাঁচ হাজার যাত্রী ও ১০০ যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে ফেরি শাহপরান, শাহজালাল, খান জাহান আলী, শাহ আলী ও কেরামত আলী।দীর্ঘ চার ঘণ্টা পারাপার বন্ধ থাকায় উভয় ঘাটে আটকা পড়েছে আট শতাধিক পণ্যবাহী ট্রাক এবং দুই শতাধিক যাত্রীবাহী বাস। আর পাটুরিয়া ঘাটে নোঙর করেছিল ফেরি আমানত শাহ এবং বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর। যানবাহনের লম্বা সারি পাটুরিয়া ও দৌলতদিয়া টার্মিনাল থেকে মহাসড়কগুলোর দেড় থেকে দুই কিলোমিটার দখল করে রয়েছে। সকাল সাতটায় ফেরি চলাচল শুরু হলেও যানজট আছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের আরিচা ঘাটের উপমহাব্যবস্থাপকের কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ খান ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, দীর্ঘ সময় পারাপার বন্ধ থাকায় উভয় ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে।